পোশাকশিল্পকে বিদ্যুতের বর্ধিত বিল থেকে বাইরে রাখার দাবি বিজিএমইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বিদ্যুতের বর্ধিত বিল থেকে পোশাকশিল্প খাতকে বাইরে রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।সমিতির সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্প খাত একটি কঠিন সময় অতিক্রম করছে, যার প্রভাব পরিলক্ষিত হচ্ছে এ খাতের নেতিবাচক প্রবৃদ্ধিতে। ২০০৯ সালের জুন-ডিসেম্বর সময়ে পোশাক খাতের রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। বিশ্বমন্দা পরিস্থিতি মোকাবিলায় এ শিল্পের জন্য প্যাকেজ ঘোষণা করা হলেও এ খাতের উদ্যোক্তারা এখনো পর্যন্ত এর সুফল পাননি।গতকাল বৃহস্পতিবার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির উদ্বেগের কথা জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসন না হওয়ায় এ শিল্পের উত্পাদন কার্যক্রম প্রতিনিয়ন ব্যাহত হচ্ছে। বিদ্যুত্সংকট মোকাবিলায় অধিকাংশ পোশাক কারখানাকে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করতে হয়। যেসব কারখানায় ক্যাপটিভ পাওয়ার প্লান্ট বা নিজস্ব বিদ্যুত্ উত্পাদনব্যবস্থা নেই, সেসব কারখানার অবস্থা আরও সঙ্গিন। এ অবস্থায় বিজিএমইএ মনে করে, বিদ্যুত্ বিল বাড়ানো যুক্তিযুক্ত ও সময়োপযোগী হবে না। তা করা হলে কারখানাগুলোর উত্পাদন কার্যক্রম পরিচালনা আরও দুরূহ হয়ে পড়বে।