তৈরি পোশাকশিল্পে শ্রমকল্যাণ ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন লঙ্ঘনকারীদের জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা আরও বাড়াবে সরকার।
বাণিজ্যিক, শ্রম, অগ্নি ও ভবন নির্মাণ-সংশ্লিষ্ট বিদ্যমান আইন ও বিধিবিধানে শাস্তি ও জরিমানা বর্তমানে কী আছে এবং শ্রমিকদের কল্যাণের কথা বিবেচনায় নিয়ে তা কতটা বাড়ানো যায়—এ জন্য একটি কারিগরি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। কমিটি ১৫ দিনের মধ্যে সুপারিশসংবলিত একটি প্রতিবেদন তৈরি করবে।
যুক্তরাষ্ট্র কর্তৃক অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা (জিএসপি) স্থগিতের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, ভবিষ্যতে আরও কিছু নেওয়া হবে—এ কথা উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, কমিটি গঠন করা হয়েছে মূলত গত আগস্টে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে পোশাকশিল্পের মানোন্নয়নের ওপর অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী।
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতিকুর রহমানকে আহ্বায়ক করে গঠিত ১৩ সদস্যের এ কমিটিতে শ্রম মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরো, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, শ্রম পরিদপ্তর এবং এফবিসিসিআইসহ পোশাকশিল্পের বিভিন্ন সমিতির প্রতিনিধিরা রয়েছেন।
কার্যপত্রে বলা হয়েছে, তৈরি পোশাক খাত-সংশ্লিষ্ট বিভিন্ন আইন লঙ্ঘনের জন্য বর্তমানের তুলনায় জরিমানা বৃদ্ধি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে এ কমিটি। কমিটি এ ছাড়া আইন ও বিধি প্রয়োগে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা চিহ্নিত করা এবং শাস্তি নিশ্চিতের বিষয়েও সুপারিশ করবে। রানা প্লাজা ট্রাজেডির পর পোশাকখাতের জন্য এরকম নানা কঠোরতা আনা হচ্ছে।