পোশাকশিল্পে এখনই শ্রমিক সংঘ কার্যকর হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব পোশাক কারখানায় এখনই শ্রমিক সংঘ (ট্রেড ইউনিয়ন) করার অধিকার দেওয়া হলে তা উন্নত দেশের মতো কার্যকরী হবে না।বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহসভাপতি মো. হাতেম গতকাল বুধবার ঢাকায় এক সেমিনারে এই মত দিয়েছেন। তিনি বলেন, সবার অভিমত হলো পোশাক কারখানাগুলোতে শ্রমিক সংঘ করার সুযোগ না দেওয়া পর্যন্ত কিছু হবে না। এটি ঠিক না। কারণ, আমাদের শ্রমিকেরা অধিকাংশই অশিক্ষিত। তাঁরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নন।বেসরকারি সংস্থা ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন, আওয়াজ ফাউন্ডেশন ও এএমআরএফ সোসাইটি রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মক্ষেত্রে নির্যাতন প্রতিরোধ ও উচ্ছেদ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে আরও বক্তব্য দেন আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার, ফেয়ার ওয়্যারের পরিচালক এরিক ভেন ডরিন, সমন্বয়কারী জুলিয়েটা লিসহ পোশাকশ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতা ও কয়েকজন এনজিওকর্মী বক্তব্য দেন। বক্তারা বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পকে এগিয়ে নিতে কারখানার নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যকার বৈষম্য কমাতে হবে। একই সঙ্গে তাঁদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। এ ছাড়া পোশাকশ্রমিকদের নিজেদের দায়দায়িত্ব বিষয়েও জ্ঞান দিতে হবে।