পোশাকশিল্পে গুণগত মান বাড়ানোর পরামর্শ
বাংলাদেশ তৈরি পোশাকশিল্পে বিপ্লব ঘটিয়েছে। এখন এ শিল্পের গুণগত মান বাড়াতে কাজ করতে বিজিএমইএর নেতাদের পরামর্শ দিলেন দৈনিক পত্রিকার সম্পাদকেরা। এ জন্য সম্পাদকেরা ভবিষ্যতে সাভারের ভবনধসের মতো দুর্ঘটনা এড়াতে বিজিএমইএর গৃহীত কর্মসূচির বাস্তবায়ন ও নজরদারি, শ্রমিকদের মজুরি বাড়ানো, শ্রম সংগঠন, শিল্পটির জন্য স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা গঠনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন।বিজিএমইএর ভবনে সমিতির নেতাদের আহ্বানে এক মতবিনিময় সভায় গতকাল শনিবার বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদকেরা এসব কথা বলেন। তাঁরা বলেন, কোনো ঘটনা ঘটলে বিজিএমইএসহ সরকারের বিভিন্ন সংস্থা কিছু কর্মসূচি নেয়। প্রথম কিছুদিন কঠোরভাবে অনুসরণের পর পরিস্থিতি শান্ত হলে সবকিছু থেমে যায়। আসলে তদারকির ক্ষেত্রে ব্যর্থতার জন্যই দুর্ঘটনা ঠেকানো যায় না। মালিকদের উদ্দেশে একাধিক সম্পাদক বলেন, ‘পোশাকশিল্পের বিকাশে শ্রমিকদেরই বড় অবদান। শ্রমিকেরাই আপনাদের বিত্তবান বানিয়েছেন। তাঁদের মজুরি বাড়ান। কর্মপরিবেশ ভালো করে আস্থার জায়গা তৈরি করুন।’ সমিতির সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর কনসালটিং এডিটর জগলুল হায়দার, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, নিউএজ-এর সম্পাদক নূরুল কবীর, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ডেইলি স্টার-এর উপসম্পাদক ইনাম আহমেদ, আমাদের অর্থনীতির নাঈমুল ইসলাম খান, কালের কণ্ঠ-পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন, বণিক বার্তার সম্পাদক হানিফ মাহমুদ প্রমুখ।