
বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অবস্থান বেশ শক্ত। তবে এখানে গুণগত মানের পোশাক উৎপাদন বাড়লেও সেভাবে ব্র্যান্ডিং হয়নি। এ ছাড়া পোশাকশিল্পে দক্ষ জনশক্তির অভাব আছে।
তৃতীয়বারের মতো রাজধানী ঢাকায় ডেনিম এক্সপোর উদ্বোধনী দিন গতকাল বুধবার ‘টেকসই উন্নয়নের জন্য নেতৃত্ব তৈরি’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ ডেনিম এক্সপো।
বাংলাদেশের পোশাকের বড় ক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএমের বাংলাদেশ ও পাকিস্তানের আঞ্চলিক প্রধান রজার হুবার্ট বলেন, বাংলাদেশের পোশাক গড়ে ভালো। তবে প্রতি পিস পোশাকের বিষয়ে আলাদা করে বলতে গেলে উত্তর হ্যাঁ হবে না। তিনি বলেন, প্রতিনিয়ত বিশ্ব ক্রেতাদের রুচি ও আচরণ পরিবর্তন হচ্ছে। পরিবেশসম্মত উৎপাদন ও শ্রমিক অধিকার বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এ কাজে বাংলাদেশকে মনোযোগ দিতে হবে।
ওলাহ ইনকরপোরেশনের প্রধান নির্বাহী এন্ড্রু ওলাহ বলেন, বাংলাদেশে ভালো উদ্যোক্তারা আছেন। দক্ষ জনশক্তির অভাব পূরণে শিক্ষিত ব্যক্তিদের এ খাতের দিকে আগ্রহী করতে হবে।
সেমিনারে মুক্ত আলোচনায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের পোশাক খাতের অনেক অর্জনের প্রচার নেই বিদেশে। ব্র্যান্ডিং ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে কাজ করছে বিজিএমইএ।
আরও বক্তব্য দেন শাশা ডেনিমের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ ও প্যাসিফিক জিনসের পরিচালক সৈয়দ এম তানভির। সঞ্চালনা করেন বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন।
মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ, চীন, ভারত, আমেরিকাসহ বিভিন্ন দেশের ৩৯টি কোম্পানি। আজ বৃহস্পতিবার মেলার শেষ দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা আমন্ত্রিত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।