পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি
নতুন মজুরি বোর্ড গঠন করে তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে এ খাতের ১২টি শ্রমিকসংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।
জোটের নেতারা গতকাল বুধবার মজুরি বোর্ড গঠন, ন্যূনতম মজুরি নির্ধারণসহ সাত দফা দাবিতে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হককে স্মারকলিপি দিয়েছেন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার দুপুরে সমাবেশ করে শ্রম প্রতিমন্ত্রীকে তাঁর সচিবালয়ের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন জোটের নেতারা।
স্মারকলিপিতে মজুরি বৃদ্ধি ছাড়া আশুলিয়ার সাম্প্রতিক শ্রম অসন্তোষের ঘটনায় গ্রেপ্তার শ্রমিকনেতাসহ অন্যদের মুক্তি, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল, কারখানা বন্ধ থাকার সময়ে শ্রমিকের মজুরি কর্তন না করা, শ্রমিকদের কারখানাভিত্তিক দাবি-দাওয়া বিবেচনায় আনা, শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক রফিকুল ইসলামের নেতৃত্বে শ্রম প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন জোটের কেন্দ্রীয় কমিটির নেতা মোশরেফা মিশু, মাহবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আখ্তার, জহিরুল ইসলাম, ইয়াসিন মিয়া, এ এ এম ফয়েজ হোসেন, শবনম হাফিজ, মীর মোফাজ্জেল হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে জোটের নেতারা পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে বলেন, ২০১৩ সালের পর বাড়িভাড়া, গাড়িভাড়া, গ্যাস-বিদ্যুতের দাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বাড়লেও মজুরি বাড়েনি। ফলে শ্রমিকেরা দুঃসহ জীবনযাপন করছেন।
বিশ্বে পোশাকশিল্পের ন্যূনতম মজুরি নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ২০১৫ সালের প্রতিবেদনের কথা উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশে ন্যূনতম মজুরি ৬৮ ডলার হলেও ভারতে রাজ্য ও দক্ষতার মানভেদে তা ৭৮-১৬৫ ডলার, ইন্দোনেশিয়ায় ৯২-১২৩ ডলার, চীনে প্রদেশভেদে ১৬৫-২৯৭ ডলার। কম্বোডিয়া ও ভিয়েতনাম সরকার চলতি বছর পোশাকশ্রমিকদের মজুরি বাড়িয়ে যথাক্রমে ১৪০ ও ১০৭-১৫৬ ডলারে নির্ধারণ করেছে।
জোটের নেতারা বলেছেন, পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো অনেক বেশি মজুরি দিয়েও দিব্যি তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ যদি তৈরি পোশাকের দাম একটু বাড়িয়ে দেয়, তারপরও বিদেশি ক্রেতাদের কাছে খুব কমই বিকল্প থাকবে।
গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতারা পোশাকশ্রমিকদের জন্য মূল মজুরি ১০ হাজার টাকা, বাড়িভাড়া ৪ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫৭০ টাকা, যাতায়াত ভাতা ৭৮০ টাকা ও টিফিন ভাতা ৬৫০ টাকা মিলিয়ে মোট ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা দাবি করেছেন। মজুরি বৃদ্ধির এই দাবিতে এর আগে গত ২৫ মে ন্যূনতম মজুরি বোর্ড এবং ১ জুন বিজিএমইএ ও ৫ জুন বিকেএমইএকে স্মারকলিপি দেওয়া হয়েছিল বলে জানান জোটের নেতারা।
জোটের সমন্বয়ক রফিকুল ইসলাম গত রাতে বলেন, ‘শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমরা স্মারকলিপি দিয়েছি। প্রতিমন্ত্রী আমাদের দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।’