পোশাকশিল্পে বাংলাদেশ বিশ্বের ব্র্যান্ডে পরিণত হবে: মজীনা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ মালয়েশিয়া বা অন্যান্য দেশের মতো অর্থনীতিতে “এশিয়ার বাঘে” পরিণত হবে। আর এটা সম্ভব হবে পোশাক রপ্তানি খাতে। আমি বিশ্বাস করি, পোশাক রপ্তানিতে বাংলাদেশ পৃথিবীর সেরা রপ্তানিকারক দেশে পরিণত হবে।’
আজ শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক সুবিধা (জিএসপি) ফিরে পাওয়া প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করেন। কারণ বাংলাদেশে ওই সুবিধা পেতে যে শর্তাবলি পালন করা দরকার, তা বাংলাদেশ পূরণ করে আসছিল না। তবে এ সুবিধা পুনর্বহালে মার্কিন প্রশাসন এ দেশের সরকারকে কিছু কর্মপরিকল্পনা দিয়েছে।’
ড্যান মজীনা আরও বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে গত বছরের ৮ জুলাই জেনেভাতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ একটি কর্মপরিকল্পনা গ্রহণ করে। এদিন জিএসপি সুবিধা পেতে বাংলাদেশ ওই কর্মপরিকল্পনা বাস্তবায়নে অঙ্গীকার করে। ওই দিকনির্দেশনায় বাংলাদেশের পোশাক খাতকে রূপান্তরের মূল চিত্র ছিল। এতে কারখানায় নিরাপত্তার জন্য অগ্নিনির্বাপণ-ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন ও মালিক-শ্রমিক সম্পর্কের কথাও বলা হয়েছিল। এসব কর্মপরিকল্পনার অনেকগুলোর উন্নতি ও অগ্রগতি হয়েছে, পুরো কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ সবার কাছে একটি গ্রহণযোগ্য ব্র্যান্ডে পরিণত হবে, পৃথিবীর মধ্যে একটি সর্ববৃহত্ ব্র্যান্ডে পরিণত হবে।
এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ইউএস এইডের পরিচালক জেনিনা জারুজেলস্কি, ডার্ড কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান ইতেমা উদ দৌলাহ, ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ প্রমুখ উপস্থিত ছিলেন।