পোশাকশিল্পে বিরোধ মেটাতে মধ্যস্থতাকারী কেন্দ্র স্থাপনের চিন্তা
দেশের তৈরি পোশাকশিল্প খাতে মালিক-শ্রমিকদের মধ্যে বিভিন্ন বিরোধ মীমাংসার জন্য একটি মধ্যস্থতাকারী কেন্দ্র স্থাপন করার কথা ভাবা হচ্ছে। বাংলাদেশ ও জার্মান সরকারের যৌথ প্রকল্প হিসেবে জার্মানির প্রতিষ্ঠান জিআইজেড এই কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কাজ করছে।
এরই অংশ হিসেবে গত সোমবার রাজধানীর একটি হোটেলে একটি কর্মশালার আয়োজন করা হয়। ইনসিডিন বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। জিআইজেডের কারিগরি ও আর্থিক সহায়তায় ইনসিডিন এই মধ্যস্থতাকারী কেন্দ্র স্থাপনের বিষয়ে একটি সমীক্ষা প্রতিবেদন প্রস্তুত করেছে।
শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম এই কর্মশালায় সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, পোশাক খাতের জন্য এ ধরনের মধ্যস্থতাকারী বা সালিসি কেন্দ্র থাকলে তা শিল্প সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।
জিআইজেডের আবাসিক পরিচালক ওলফ হ্যানডলোজটেন বলেন, ‘এটি একটি প্রস্তাব। সংশ্লিষ্ট সব পক্ষ এগিয়ে এলে ও আলাপ-আলোচনা করলে একটি ইতিবাচক ফল পাওয়া যাবে।’
কর্মশালায় সমীক্ষা প্রতিবেদনটি উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী।
কর্মশালায় জানানো হয়, মালিকদের সঙ্গে শ্রমিকদের বিভিন্ন বিরোধ মীমাংসা, শ্রমিকদের আইনি পরামর্শ সেবা প্রদান এবং কারখানার ব্যবস্থাপনাগত দ্বন্দ্ব নিরসনে এই কেন্দ্র সহায়ক হবে।
কর্মশালায় শ্রম মন্ত্রণালয়, আইএলও, শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।