বিজিএমইএ ও বিকেএমইএকে স্মারকলিপি প্রদান
পোশাকশিল্পে সাত হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি
মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম বেতন সাত হাজার টাকা করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে পোশাক শ্রমিকদের সাত সংগঠনের জোট গার্মেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদ। একই সঙ্গে পরিষদের নেতারা শ্রমিকদের জন্য ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানেরও দাবি জানিয়েছেন। এসব দাবি আদায়ে শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা গতকাল সোমবার পোশাক মালিকদের দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিকে (বিকেএমইএ) আলাদাভাবে স্মারকলিপি দেন। বিজিএমইএর পক্ষে গতকাল সকালে সমিতির মহাসচিব আহসান-উল-ফাত্তাহ এবং বিকেলে নারায়ণগঞ্জের প্রধান কার্যালয়ে বিকেএমইএর পক্ষে সভাপতি সেলিম ওসমান পৃথকভাবে স্মারকলিপি গ্রহণ করেন। সংগ্রাম পরিষদের সমন্বয়ক মাহবুবুর রহমান ইসমাইলের নেতৃত্বে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতিসহ সাত সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। শ্রমিক সংগ্রাম পরিষদের পাঁচ দফা দাবির অন্যগুলো হচ্ছে: কারখানাভিত্তিক পূর্ণ রেশনিং-ব্যবস্থা চালু করা, সব পোশাক কারখানায় শ্রমিক সংগঠনের (ট্রেড ইউনিয়ন) অধিকার বাস্তবায়ন এবং শ্রমিকদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার। স্মারকলিপির সঙ্গে একজন শ্রমিকের পাঁচ সদস্যের পরিবারের ১২ হাজার ৯৫০ টাকা মাসিক ব্যয়ের একটি খসড়াও জমা দেন শ্রমিক নেতারা। মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ‘আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ার কারণে শ্রমিকেরা দিন দিন ক্ষুব্ধ হয়ে উঠছেন। জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন তাঁরা। বেতন-ভাতা পুনঃ নির্ধারণ না করলে বড় ধরনের শ্রমিক অসন্তোষ হতে পারে।’ সম্প্রতি আশুলিয়া ও কাঁচপুরে বেতন-ভাতা পুনঃ নির্ধারণের জন্যই মূলত শ্রমিকেরা আন্দোলন করেছেন বলে দাবি করেন তিনি। মাহবুবুর রহমান আরও বলেন, ‘২০০৬ সালের শ্রম আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী পোশাক মালিকদের দুই সংগঠনের কাছে আমরা শ্রমিকদের দাবিদাওয়া লিখিতভাবে দিলাম। আশা করি, আইন অনুযায়ী পোশাক মালিকেরা একুশ দিনের মধ্যে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দাবি বাস্তবায়নের বিষয়ে ব্যবস্থা নেবেন।’ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘২০১০ সালের সর্বশেষ মজুরি কাঠামোর চেয়ে বর্তমানে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। নতুন মজুরি বোর্ড গঠন করে তিন হাজার টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম মজুরি সাত হাজার টাকা করার জন্য দাবি জানাচ্ছি আমরা।’