পোশাকশিল্পে সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিসূচক পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পোশাকশিল্পে সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার স্বীকৃতিসূচক পুরস্কার দেওয়া হয়েছে। ঢাকার র‌্যাডিসন হোটেলে রোববার সন্ধ্যায় ‘সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট এক্সিলেন্স (এসইই) অ্যাওয়ার্ড-২০১২’ শীর্ষক এ পুরস্কার প্রদান করা হয়।বিভিন্ন শ্রেণীতে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: সায়হাম নিট কম্পোজিট, ফকির অ্যাপারেলস, জিনাত নিটওয়্যারস, ভিয়েলাটেক্স, এপিক গার্মেন্টস, অবনি নিটওয়্যার, ফ্যাশন নিট, জিনাত নিটওয়্যার, এনভয় টেক্সটাইল, হামজা টেক্সটাইল, জাবের অ্যান্ড যোবায়ের এবং গ্রামীণ নিটওয়্যার।পোশাক খাতে প্রতিভাবানদের উৎসাহিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ), প্রমোশন অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডস ইন দি ইন্ডাস্ট্রি (পিএসইস) এবং জার্মান সরকার যৌথভাবে এ পুরস্কার প্রবর্তন করেছে। এতে সহায়তা করছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি), পোশাকশিল্প মালিকদের সমিতি (বিজিএমইএ), নিট পোশাকশিল্প মালিকদের সমিতি (বিকেএমইএ) ও বিজিসিসিআই। পুরস্কার প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রধান অতিথি ও বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কোনজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন স্থপতি আনা হেরিংগার।বিবিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ পুরস্কার প্রদানে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা, সেরা শ্রমিক, সম্পর্ক ব্যবস্থাপনা ও শ্রম আইনের অতিরিক্ত সুবিধা প্রদান ইত্যাদি বিবেচনা করা হয়েছে। আর পরিবেশসচেতনতায় সম্পদের পরিমিত ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ বিপ্লব ও পরিবেশ রক্ষায় সেরা অবদান এগুলোই ছিল মানদণ্ড।