পোশাকশিল্পের করপোরেট কর কমছে: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের করপোরেট (প্রাতিষ্ঠানিক) ট্যাক্স কমছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্যমন্ত্রী বলেন, পোশাক খাতের করপোরেট ট্যাক্স ১০ থেকে ৩৫ শতাংশ করা হয়েছিল। অর্থ মন্ত্রণালয় সেটি কমানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই সিদ্ধান্তটি বাস্তবায়ন হবে। তবে ট্যাক্স কমে কত শতাংশ করা হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

বিজিএমইএ কার্যালয়ের অ্যাপারেল ক্লাবে আজ সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। অনুষ্ঠানে পঞ্চগড়ের বিলুপ্ত তিনটি ছিটমহলের ২৯ জনসহ ৩০ জনের হাতে প্রশিক্ষণ সনদ ও চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি।

বিভিন্ন খাতের জন্য দক্ষ শ্রমশক্তি গড়তে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট’ (সেপ) নামে গত বছর একটি প্রকল্প শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। প্রকল্পটির অধীনে তিন বছরে দুই লাখ ৬০ হাজার দক্ষ শ্রমিক গড়ে তোলা হবে। সেপের অধীনেই বিজিএমইএ পঞ্চগড়ের ওই ৩০ জনকে প্রশিক্ষণ দিয়ে চাকরি দিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, সেপ প্রকল্পের নির্বাহী পরিচালক আবদুর রউফ তালুকদার, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফারুক হাসান ও মোহাম্মদ নাছির, সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস প্রমুখ।