পোশাকশিল্পের কর্মপরিবেশ সংশোধনে গুরুত্ব কেরির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন পররাষ্ট্র দপ্তরে দুই পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও দীপু মনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরে দুই পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও দীপু মনি।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের মানোন্নয়নে অগ্নিনির্বাপণ ও ভবনের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের প্রক্রিয়া দ্রুততর করার অনুরোধ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া দ্রুত শেষ করার অনুরোধও জানিয়েছেন তিনি।আজ শনিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে আলাপকালে জন কেরি এসব অনুরোধ জানান। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়।বৈঠকে রানা প্লাজার ভবনধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সমবেদনা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই বিয়োগান্তক  ঘটনার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জন কেরিকে জানান দীপু মনি। এ ছাড়া, মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক সুবিধা (জিএসপি) অব্যাহত রাখতে জন কেরির প্রতি অনুরোধ জানান তিনি।বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রম আইন সংশোধনের বিষয়টি ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এটি সংসদের আগামী অধিবেশনে উত্থাপিত হতে যাচ্ছে।

এক ঘণ্টার এ বৈঠকে দুই পক্ষের সম্পর্কোন্নয়নের পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি ও তাদের সাম্প্রতিক ঢাকা অবরোধ, মানবতাবিরোধী অপরাধের বিচার, নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাব—এসব নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

দেশজুড়ে জামায়াত-শিবিরের তাণ্ডব ও হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিষয়টিও জন কেরিকে জানান দীপু মনি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের সহিংসতা ও মধ্যযুগীয় দাবি প্রত্যাখ্যান করেছে।

মানবতাবিরোধী অপরাধের বিচারের ওপর গুরুত্বারোপ করে জন কেরি বলেন, আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে অবাধ ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজটি করতে হবে।

১২ মে যুক্তরাষ্ট্র যান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আজ তিনি যুক্তরাষ্ট্র থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হবেন।