পোশাকশিল্পের কর্মসংস্থান মেলা হচ্ছে ঢাকায়
তৈরি পোশাক কারখানায় শ্রমিক ও কর্মকর্তা পদে চাকরি দিতে প্রথমবারের মতো কর্মসংস্থান মেলা বা জব ফেয়ার হচ্ছে ঢাকায়। এতে ৪০টি বড় প্রতিষ্ঠান অংশ নেবে। চাকরিপ্রার্থী হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এক হাজারের বেশি শ্রমিক ও কর্মকর্তা উপস্থিত থাকবেন।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে কাল শনিবার এই কর্মসংস্থান মেলার আয়োজন করছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দিনব্যাপী এই কর্মসংস্থান মেলার উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক।
ঢাকার কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ফারুক হাসান, মোহাম্মদ নাছির, পরিচালক আশিকুর রহমান প্রমুখ।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ও সুইস ডেভেলপমেন্ট করপোরেশনের (এসডিসি) সহযোগিতায় অর্থ মন্ত্রণালয়ের এসইআইপি প্রকল্পের অধীনে ২০১৮ সালের মধ্যে ২ লাখ ৬০ হাজার জনকে দক্ষ জনশক্তিতে পরিণত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন তথ্য দিয়ে সিদ্দিকুর রহমান বলেন, প্রকল্পের অধীনে পোশাকশিল্পের জন্য ইতিমধ্যে ২০ হাজার জন প্রশিক্ষণ পেয়েছেন।