বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের বছর ২০২১ সালে পোশাক রপ্তানি পাঁচ হাজার কোটি বা ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। এ লক্ষ্য অর্জনে গত বছরের ডিসেম্বর মাসে পথনকশা ও শিল্পের ভাবমূর্তি উন্নয়নে ঢাকায় অ্যাপারেল সামিটের আয়োজন করে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সফল এই আয়োজনের মধ্য দিয়ে রপ্তানি বাণিজ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আর এমনটি হলে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার পথ সহজ হয়ে যাবে।
এ ছাড়া গত জানুয়ারিতে শ্রমিকদের নতুন মজুরিকাঠামো বাস্তবায়ন শুরু করেছে অনেক পোশাক কারখানা। অন্যদিকে কর্মপরিবেশ উন্নয়নে কারখানা পরিদর্শন কার্যক্রম চলেছে সারা বছর। এতে অল্প কিছু কারখানা বন্ধ হলেও বেশির ভাগ কারখানাই ঝুঁকিমুক্ত হিসেবে স্বীকৃতি পায়। যদিও কর্মপরিবেশ উন্নয়নে এদের প্রয়োজনীয় সংস্কারকাজ করতে হচ্ছে। উদ্যোক্তারা সাধ্যমতো সেটি করে যাচ্ছেন। অন্যদিকে ২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতার পরও গত বছর পোশাক রপ্তানিতে ইতিবাচক ধারা অব্যাহত থাকে, যা দেশের মোট পণ্য রপ্তানি তিন হাজার কোটি ডলার অর্জনে বড় ভূমিকা রেখেছে।
সদ্য সমাপ্ত ২০১৪ সালে এ রকম আরও কিছু সাফল্যের দেখা পায় তৈরি পোশাকশিল্প। তবে সেই সাফল্য তোবা গ্রুপের কেলেঙ্কারিতে কিছুটা হলেও ফিকে হয়েছে। মজুরি ও ভাতা না পেয়ে রোজার ঈদের আগের দিন থেকে টানা ১১ দিন অনশন করেছেন, এমনকি পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে বিদ্ধ হয়েছেন গ্রুপের পাঁচ পোশাক কারখানার শ্রমিকেরা।
ঘটনার শুরুতেই এটি মীমাংসা করার সুযোগ থাকলেও বিজিএমইএ তা করেনি। পরে সরকারের চাপে পড়ে সংগঠনের নেতারা তৎপর হন। অনেক নাটকের পর দুই দফায় তিন মাসের মজুরি ও ওভারটাইম বুঝে পান শ্রমিকেরা। অভিযোগ আছে, এই শ্রমিকদের জিম্মি করেই তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় কারাগারে থাকা তোবার মালিক দেলোয়ার হোসেন বিজিএমইএর নেতাদের সহায়তায় জামিন পান।
এত কিছুর পরও শেষ পর্যন্ত ঈদের বোনাস ও চাকরিচ্যুতির ক্ষতিপূরণ বুঝে পাননি তোবার শ্রমিকেরা। দেলোয়ার হোসেন বরাবরের মতো অসহায়ত্বের অজুহাত দেখাচ্ছেন। একদিকে তোবার শ্রমিকেরা নতুন করে চাকরি পাচ্ছেন না, অন্যদিকে পাওনা আদায়ে উদ্যোগ না নিয়ে উল্টো দেলোয়ারের পক্ষে অবস্থান নিয়েছে বিজিএমইএ। সরকারের কয়েকজন মন্ত্রী এ বিষয়টি নিয়ে শুরুতে উচ্চবাচ্য করলেও বর্তমানে তাঁরা চুপচাপ।
অন্যদিকে রানা প্লাজা ধসের কালো ছায়া থেকে বেরিয়ে আসতে পারেনি দেশের সর্বোচ্চ রপ্তানি আয়ের এই খাতটি। এ ঘটনার ভুক্তভোগী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা পুরো ক্ষতিপূরণ বুঝে পাননি। সারা বছরই ঘুরেফিরে ক্ষতিপূরণের বিষয়টি আলোচনায় এসেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, অর্থাভাবে নিহত ও আহত শ্রমিকের পরিবারের ২ হাজার ৪৩০ সদস্যকে তিন কিস্তিতে ক্ষতিপূরণের ৪০ শতাংশ দেওয়া হয়েছে। পুরো ক্ষতিপূরণের জন্য প্রয়োজন ৩ কোটি মার্কিন ডলার আর তহবিলে জমা আছে ২ কোটি ১০ লাখ ডলার।
বস্তুত রানা প্লাজা ধসে আহত ও নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে পিছটান দিয়েছে বিজিএমইএ। সদস্যদের কাছ থেকে সাড়ে ১৪ কোটি টাকা চাঁদা তুলে শ্রমিকদের বেতন, চিকিৎসা ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিলেও ক্ষতিপূরণ নিয়ে উল্টো অবস্থান নেয়। হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি উদ্যোগ নেয়, গঠন করা হয় একটি উচ্চপর্যায়ের কমিটি। এই কমিটি সুপারিশ করে, নিখোঁজ শ্রমিকের পরিবার এবং স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাওয়া শ্রমিক ১৪ লাখ ৫১ হাজার ৩০০ টাকা ক্ষতিপূরণ পাবেন। আর আহত হওয়ার ধরন অনুযায়ী শ্রমিকেরা পাবেন দেড় লাখ থেকে সর্বোচ্চ সাড়ে সাত লাখ টাকা। তবে ওই কমিটির সদস্য বিজিএমইএর এক নেতা চূড়ান্ত সুপারিশে স্বাক্ষর করলেও তাতে লিখে দেন, ক্ষতিপূরণ শ্রম আইন অনুযায়ীই হতে হবে। শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে কোনো নির্দেশনা না আসায় ক্ষতিপূরণ বিষয়ে আইনি বাধ্যবাধকতাই তৈরি হয়নি।
এদিকে ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর ব্যাপক আলোচনা-সমালোচনা ও বছরের শেষ দিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ভালো হয়েছে। গত বছরের জুনে শেষ হওয়া ২০১৩-১৪ অর্থবছরে দেশের মোট পণ্য রপ্তানি আয় ৩ হাজার ১৭ কোটি ডলারের মধ্যে পোশাক খাত থেকে আসে ২ হাজার ৪৪৯ কোটি ডলার। এ খাতের প্রবৃদ্ধি দাঁড়ায় ১৩ দশমিক ৮৬ শতাংশ।
অবশ্য নতুন অর্থবছরে এসে পোশাক রপ্তানি কিছুটা হোঁচট খায়। আমেরিকার বাজারে গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে পোশাক রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে। সব মিলিয়ে ২০১৪-১৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ৯৬৯ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ৩৭। তবে বিজিএমইএর নেতারা বলছেন, শিগগিরই অবস্থার উন্নতি হবে।
ছয় বছরের মধ্যে পোশাক রপ্তানি ৫০ বিলিয়নে পৌঁছাতে হলে এ খাতের বর্তমান আয়কে দ্বিগুণ করতে হবে। বিজিএমইএর নেতাদের ভাষ্য, বর্তমান বিশ্বে পোশাকশিল্পের বাজার ৪৫ হাজার কোটি ডলারের। এখানে বাংলাদেশের হিস্যা মাত্র ৫ শতাংশ। আর ৩ শতাংশ বাড়াতে পারলেই লক্ষ্যে পৌঁছা যাবে। হিসাবটি সহজ হলেও বেশ কিছু চ্যালেঞ্জ আছে। রপ্তানির পাশাপাশি আমদানিও সমান হারে বাড়বে। ফলে অবকাঠামো নির্মাণে জোর দিতে হবে। গ্যাস ও বিদ্যুতের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। এ ছাড়া শ্রমিকদের জীবনমান ও অধিকার নিশ্চিত করতে উদ্যোক্তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। একই সঙ্গে উৎপাদনশীলতা বাড়াতে প্রশিক্ষণ, পণ্যের মান উন্নয়ন, উচ্চমূল্যের পণ্য তৈরি ও নতুন বাজার খুঁজতে মনোযোগ দিতে হবে।
প্রকল্প বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা ও ধীরগতির গোলকধাঁধা থেকে বেরিয়ে আসতে না পারলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে না। তবে সবার আগে শ্রমিকদের সন্তুষ্ট করতে হবে। অন্যথায় ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতোই ব্যাপার হবে। ৫০ বিলিয়নের রপ্তানি স্বপ্ন স্বপ্নই থাকবে, বাস্তবে ধরা দেবে না।