পোশাকশ্রমিকদের চার গ্রেডের পদ বৃদ্ধির প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজুরি বোর্ডের সভা
মজুরি বোর্ডের সভা

অনেক পদের উল্লেখ না থাকায় তৈরি পোশাকশিল্পের নতুন মজুরিকাঠামো নিয়ে কারখানাগুলোতে এখন জটিলতা চলছে। এ জন্য নতুন পদ অন্তর্ভুক্ত করতে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বোর্ডের চেয়ারম্যান মালিক-শ্রমিক উভয় পক্ষকেই পদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রাজধানীর তোপখানা রোডের নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে গতকাল বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে ফজলুল হক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, নতুন পদগুলোর তালিকা পাওয়ার পর অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে।
এ কে ফজলুল হক বলেন, তালিকা পাওয়ার পর কয়েক দিনের মধ্যেই আবারও মজুরি বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সভাটি কবে হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০-১২ দিনের মধ্যে হয়ে যাবে। বাদ পড়া শ্রমিকেরা কোন গ্রেড পাবেন, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে বোর্ডের সদস্যরা জানান, নতুন গেজেটে অনেক পদের উল্লেখ থাকলেও একটি লাইন বাদ পড়েছে। যা সংযুক্ত করা হলেও পদ নিয়ে আর কোনো সংশয় সৃষ্টি হতো না। তাই শুধু ‘যদি কখনো এই গেজেটে উল্ল্লিখিত পদের অতিরিক্ত কোনো পদ সংশিষ্ট শিল্পে সংযোজিত হয়, উহা যথাযথভাবে গ্রেডে অন্তর্ভুক্ত হবে’ এ লাইনটি সংযোজন করা হলে পদ নিয়ে সৃষ্ট সংশয় দূর হয়ে যাবে।
শ্রমিকপক্ষের দাবি, এ লাইনটিসহ কাঠামোতে নতুন পদের উল্লেখ থাকাটা শ্রমিক নিরাপত্তার জন্য জরুরি।
মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম বলেন, ‘ঘোষিত গ্রেডে ৫০টিরও বেশি পদ অন্তর্ভুক্ত করার দাবি আমাদের। আইন অনুযায়ীও পদের উল্লেখ থাকাটা প্রয়োজন।’ পদগুলো উল্লেখ না থাকায় অনেক কারখানায় সমস্যা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল বলেন, পোশাক কারখানার সঙ্গে সংশ্লিষ্ট বহু ক্ষুদ্র শিল্প জড়িত। অনেক শ্রমিকের পদ ঘোষিত কাঠামোতে বাদ পড়েছে। আবার বিভিন্ন কারখানায় আরও অনেক নতুন পদ আছে। এসব কিছু বিবেচনায় এনে সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন মজুরিকাঠামো বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরশাদ জামাল বলেন, ‘শ্রমিকদের মজুরি বাস্তবায়নে বিজিএমইএ সব সময়ই সতর্ক রয়েছে। ঘোষিত কাঠামো বাস্তবায়নে কিছু জটিলতা রয়েছে। পদ নিয়ে শ্রমিকদের নিজস্ব বোঝাপড়ারও প্রয়োজন আছে। আশা করছি, আগামী মার্চের মধ্যে মজুরিকাঠামোর পূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে।’
খোঁজ নিয়ে জানা যায়, মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তিন থেকে ছয় নম্বর গ্রেডে শ্রমিকের পদ প্রস্তাব করেছিলেন ১০৬টি। কিন্তু চূড়ান্ত কাঠামোয় তা না বাড়িয়ে ২০১০ সালের ৫৬ থেকে কমিয়ে ৫৪টি করা হয়। এতে কাঙ্ক্ষিত গ্রেডের মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন অনেক শ্রমিক। এমন তথ্য পেয়ে পদের অস্বচ্ছতা দূর করতে গত সপ্তাহে মজুরি বোর্ডকে চিঠি পাঠায় শ্রম মন্ত্রণালয়। স্বচ্ছতা আনতে বোর্ড সভা করার কথা বলা হয় ওই চিঠিতে।
বোর্ডের সদস্যরা জানান, তিন থেকে ছয় নম্বর গ্রেডে সিনিয়র কোয়ালিটিম্যান, সিনিয়র মার্কারম্যান, কোয়ালিটি ইন্সপেক্টর, ওয়াশিংম্যান, স্ক্রিন এক্সপোজার, প্রিন্টারসহ বিভিন্ন পদ সৃষ্টি করা হবে।
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি হয়েছে পাঁচ হাজার ৩০০ টাকা। গ্রেডে ৭৬ ও অন্য গ্রেডগুলোতে ৩৯-৭১ শতাংশ মজুরি বাড়ে। ৫ ডিসেম্বর নতুন মজুরিকাঠামোর গেজেট প্রকাশিত হয়। ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন মজুরিকাঠামো। এটা অনুসারেই চলতি জানুয়ারি মাস থেকে পোশাকশ্রমিকদের বেতন পাওয়ার কথা।