পোশাকশ্রমিকদের প্রকৃত মজুরি এক দশকে কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি গত এক দশকে প্রকৃতপক্ষে কমে গেছে। প্রকৃত ক্রয় ক্ষমতার সক্ষমতার (পিপিপি) ভিত্তিতে নিরূপিত হিসাব ধরে ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম (ডব্লিউআরসি) এই তথ্য প্রকাশ করেছে।
শ্রমিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক এই সংগঠনটি চলতি মাসেই একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। তাতে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিকারক শীর্ষ ১৫টি দেশের শ্রম মজুরির ওপর পরিচালিত গবেষণার তথ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় যে ২০০১ সালের তুলনায় ২০১১ সালে এসে বাংলাদেশের তৈরি পোশাক কারখানার শ্রমিকদের প্রকৃত মজুরি ২ শতাংশ কমে গেছে।
মজুরির হিসাব নির্ণয়ে মূল্যস্ফীতি সমন্বয় করা হয়েছে। এত বলা হয়েছে, ১৫টি দেশের মধ্যে নয়টি দেশেই এক দশকে প্রকৃত মজুরি কমেছে যার মধ্যে বাংলাদেশ অন্তর্গত। এর মধ্যে বাংলাদেশ, মেক্সিকো, হন্ডুরাস, কম্বোডিয়া ও এল সালভাদরের শ্রমিকদের প্রকৃত মজুরি এক দশকে গড়ে ১৪ দশমিক ৬ শতাংশ কমেছে। অন্যদিকে, একই সময়ে চীনের মজুরি সবচেয়ে বেশি বা ১২৫ শতাংশ বেড়েছে।
আবার মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ ১৫ দেশের মধ্যে বাংলাদেশের শ্রমিকেরা যে মজুরি পেয়ে থাকে, তা জীবনধারণ উপযোগী মজুরির মাত্র ১৪ শতাংশ। অন্যদিকে চীন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া যথাক্রমে জীবনধারণ উপযোগী মজুরির ৩৬, ২২ ও ২৯ শতাংশ প্রদান করে।
গবেষণায় দেখানো হয়েছে, ২০১১ সালে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিকারক চতুর্থ ও অষ্টম অবস্থানে থাকা বাংলাদেশ ও কম্বোডিয়া আলোচ্য সময়কালে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি রেকর্ড পরিমাণ বাড়িয়েছে। দুই দেশের রপ্তানি ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে গড়ে ১৮ শতাংশ হারে বেড়েছে। আর ২০১২ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হয়েছে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে টপকে।
অথচ এই এক দশকে বাংলাদেশ ও কম্বোডিয়ার প্রকৃত মজুরি কমে গেছে। বাংলাদেশে এক দশকে মজুরি কমেছে ২ দশমিক ৩৭ শতাংশ। ২০১০ সালে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করায় মজুরি হ্রাসের প্রবণতা কিছুটা রোধ করা গেছে বলে এতে উল্লেখ করা হয়। গবেষণাপত্রে আরও বলা হয়েছে, মাসওয়ারি গড় মজুরি বাংলাদেশে ছিল ৫০ ডলার, যেখানে কম্বোডিয়ায় এটি ৭০ ডলার ।
প্রতিবেদনে বলা হয়েছে, তৈরি পোশাক প্রস্তুতকারী বিশ্বের প্রধান দেশগুলোতে শ্রমিকের মজুরি হ্রাস ও শ্রমিকদের অব্যাহত গরিবি দশা রপ্তানিমুখী উন্নয়ন কৌশলকে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
গবেষণাপত্রে বলা হয়েছে, ২০০১ সালে বাংলাদেশ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সপ্তম বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আর ২০১১ সালে হয়েছে দ্বিতীয়। দক্ষিণ এশিয়ার এই দেশটি এখন চীনকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। অথচ বাংলাদেশের পোশাক খাতের সম্প্রসারণ এই সময়কালে শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়নি।
গবেষণাপত্র অনুসারে ২০০১ সালে পোশাক কারখানার মালিকেরা বাংলাদেশি শ্রমিকদের যে মজুরি দিতেন, তা সেই সময়ের ন্যূনতম মজুরির চেয়ে বেশি ছিল। শ্রমিক অস্থিরতা রোধ ও নতুন শ্রমিক নিয়োগ দেওয়ার স্বার্থেই তাঁরা এই মজুরি দিতেন।
এই গবেষণাপত্রের ভিত্তিতে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকের এই নিম্ন মজুরিই প্রমাণ করে কেন অন্য দেশ থেকে বাংলাদেশ ও কম্বোডিয়ায় পোশাক ও বস্ত্র কারখানা প্রতিস্থাপন করা হচ্ছে।
এর আগে গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বাংলাদেশে একটি ভবন ধসের পর ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের পোশাক উৎপাদনকারীরা আশা করেছিল, বিদেশি ক্রেতারা ঢাকা থেকে মুখ ফিরিয়ে নেবে এবং তারা ব্যাপক বিদেশি কার্যাদেশ পাবে। যদিও চলতি বছর যহেনাস অ্যান্ড মাউরিতজ এবি’র মতো কয়েকটি বিশ্বখ্যাত পোশাক ক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করছে। তবে ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও কারখানার তথ্যমতে, তারা আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে এখনো তেমন সাড়া পায়নি। তাদের মতে, ক্রেতারা যখন দামের কথা চিন্তা করে, তখন বাংলাদেশই হয় তাদের গন্তব্য। কারণ, অন্যান্য দেশের চেয়ে কম মূল্যে তারা বাংলাদেশ থেকে পোশাক কিনতে পারে।
এতে আরও বলা হয়, দামের কারণেই বাংলাদেশ থেকে ক্রেতারা সরছে না। কারণ, বেশি দামে পোশাক কিনতে হলে এর বিক্রয়মূল্যও বেড়ে যাবে। আর বাড়তি দামের বোঝা এসে পড়বে ভোক্তাদের ওপর। ফলে কারখানার নিরাপত্তাজনিত সমস্যার কারণে সেখানে পোশাক তৈরি করাটা ঝুঁকিপূর্ণ হলেও পশ্চিমা ক্রেতারা এখনো বাংলাদেশের বিকল্প ভাবতে পারছে না।