পোশাকশ্রমিকদের বেতন বাড়ানো সরকারের বিষয়
তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন বাড়ানো সরকারের বিষয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন। পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবি প্রসঙ্গে বিজিএমইএর সভাপতি বলেন, ‘এটি সরকারের বিষয়। সরকার যদি মনে করে শ্রমিকদের দাবি সংগত, তবে যথাসময়ে আলোচনা হতে পারে। তবে দুই দিন আগেও তাঁদের কোনো দাবি ছিল না। আশুলিয়ায় বিশৃঙ্খলার ঘটনার সুযোগে এখন তাঁরা বেতন বাড়ানোর দাবি করছেন।’ তৈরি পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিএমইএর সভাপতি এসব কথা বলেন। রাজধানীতে নিজস্ব কার্যালয়ে গতকাল বুধবার বিজিএমইএর সঙ্গে যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, সহসভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, বিজিএমইএর সহসভাপতি সিদ্দিকুর রহমান, ফারুক হাসান প্রমুখ। তিন সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর সভাপতি।সেলিম ওসমান বলেন, ‘শ্রমিক সংগঠনের নেতারা বেতন বাড়ানোর দাবিকে আমরা অবাস্তব বলব না। সময়ের পরিপ্রেক্ষিতে এগুলো হতে হবে। তবে এখন বেতন বাড়ানোর প্রশ্নই ওঠে না। দেড় বছর আগেই আমরা বেতন-ভাতা দ্বিগুণ করে দিয়েছি।’ তিনি এই শিল্পকে টিকিয়ে রাখতে কোরবানির ঈদ পর্যন্ত কোনো ধরনের আন্দোলন না করতে পোশাকশ্রমিকদের প্রতি অনুরোধ করেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্রকার ঋণের শ্রেণীকরণের মেয়াদ তিন মাস কমিয়ে আনা হয়েছে। একই সঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মেয়াদে পুনরায় তফসিলীকরণের সর্বোচ্চ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এসব বিষয় উল্লেখ করে সেলিম ওসমান বলেন, ‘ব্যাংকিং খাতের এসব সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে শ্রমিকদের বেতন বাড়ানো দূরে থাক উল্টো আমাদের কারখানাই বন্ধ করে দিতে হবে। বাংলাদেশ ব্যাংক ১৪ জুন দুটি পৃথক সার্কুলার জারি করে খেলাপি ঋণ ব্যবস্থাপনায় কঠোরতা আরোপ করেছে। এতে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ঋণ বিভিন্ন পর্যায়ে শ্রেণীকরণের সময়সীমা তিন মাস করে কমিয়ে দেওয়া হয়েছে। যেমন, এই নির্দেশনার ফলে এখন থেকে কোনো ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়ার পর তিন মাস অতিক্রান্ত হলে নিম্নমানে ঋণটি শ্রেণীকৃত হবে। এত দিন ছয় মাস পূর্ণ না হওয়া পর্যন্ত এই নিম্নমান পর্যায়ে শ্রেণীকৃত হতো না। আবার নতুন নিয়মে ঋণ পুনরায় তফসিলীকরণের ক্ষেত্রে সব ধরনের ঋণের পুনরায় তফসিল করার মেয়াদ ও সংখ্যা সুনির্দিষ্ট করা হয়েছে। নতুন এই নীতিমালায় কোনো ঋণ সর্বোচ্চ তিনবার পুনরায় তফসিল করা যাবে।’ইতিমধ্যে এই নির্দেশনা বাতিলের জন্য বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) দাবি জানিয়েছে। গতকাল পোশাকশিল্প খাতের তিনটি প্রধান সংগঠন আপত্তি জানাল।আগামী দুই ঈদে শ্রমিকদের বেতন-ভাতা প্রদান প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম বলেন, ‘আমরা সময়মতো শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।’ তবে বাংলাদেশ ব্যাংক কিছু সিদ্ধান্ত এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর কারণে এ বিষয়টি হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, সোমবার মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম সাত হাজার টাকা বেতন করাসহ পাঁচ দফা দাবি জানায় পোশাক শ্রমিকদের সাত সংগঠনের জোট গার্মেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদ। দাবি আদায়ে পরিষদের নেতারা বিজিএমইএ ও বিকেএমইএকে স্মারকলিপি দেন।