পোশাকশ্রমিকদের ভর্তুকি মূল্যে চাল ও আটা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেক পোশাকশ্রমিককে কারখানার মাধ্যমে ভর্তুকি মূল্যে মাসে ১০ থেকে ২০ কেজি চাল এবং ১০ কেজি আটা সরবরাহ করা হবে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।পোশাকশ্রমিকদের ন্যায্যমূল্যে কার্ড প্রদান বিষয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গত মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, পরিচালক মো. শহিদুল্লাহ আজিম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ ও শ্রমিক প্রতিনিধি, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও খাদ্যসচিব।বৈঠকে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে কার্ড বাস্তবায়ন সময়সাপেক্ষ ব্যাপার। এ জন্য বিজিএমইএর সুপারিশে সরকার বর্তমানে প্রতিটি কারখানাকে ডিলার হিসেবে মনোনয়ন দেবে।’মন্ত্রী বলেন, ‘এই ডিলাররা তাদের কারখানায় শ্রমিকদের পরিচয়পত্র অনুযায়ী সপ্তাহে ৫ কেজি চাল করে মাসে ২০ অথবা ১০ কেজি চাল এবং ১০ কেজি আটা ভর্তুকি মূল্যে সরবরাহ করবে।’ ভর্তুকি মূল্যে চাল ও আটা সরবরাহ করার জন্য পবিত্র রমজানের আগেই খাদ্য অধিদপ্তর ও বিজিএমইএর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।