পোশাকশ্রমিকদের মজুরি আট হাজার টাকা করার দাবি
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি আট হাজার টাকা করার দাবি জানিয়েছে দেশের বিভিন্ন সংগঠন। একই সঙ্গে পোশাকমালিকদের নির্ধারণ করা নিম্নতম মজুরি চার হাজার ৫০০ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।
দাবি আদায়ে গতকাল শনিবার সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর নামে চার হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছেন পোশাকমালিকেরা। যা বর্তমান দ্রব্যমূল্য, বাড়িভাড়াসহ কোনো কিছুর সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাই দেশের শিল্প ও জাতীয় উন্নয়নে শ্রমিকদের নিম্নতম মজুরি আট হাজার টাকা করতে হবে। সে সঙ্গে নির্যাতন ও চাকরিচ্যুতি বন্ধ করতে হবে।
সমাবেশে সংগঠনের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী রুহুল আমীন বক্তব্য দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক জাফরুল হাসান এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মজুরি নির্ধারণে খাদ্য-ভাতা যুক্ত করার প্রস্তাবও অযৌক্তিক। তাই সব দিক বিবেচনা করে নিম্নতম মজুরি আট হাজার টাকা করার দাবি জানান তাঁরা।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এক বিবৃতিতে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরির প্রস্তাবকে ‘দায়িত্বহীন ও অগ্রহণযোগ্য’ বলে দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, বাঁচার মতো মজুরি পাওয়া শ্রমিকদের অধিকার। এ অধিকার রক্ষায় মালিক ও সরকারকে এগিয়ে আসতে হবে।