ন্যূনতম মজুরির চূড়ান্ত প্রস্তাব প্রকাশ না হওয়া পর্যন্ত তৈরি পোশাকশ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মালিক ও শ্রমিকনেতারা।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে গত শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। তার আগে বৈঠকে ৫২টি শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করে বিজিএমইএ।
এতে সিদ্ধান্ত হয়, মজুরি বোর্ড চূড়ান্তভাবে যে মজুরি ঘোষণা করবে, মালিক ও শ্রমিক উভয়পক্ষ একসঙ্গে তা বাস্তবায়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করবেন। এ ছাড়া ২১ নভেম্বরের আগ পর্যন্ত শ্রমিকেরা কেউ কারখানা ভাঙচুর, নৈরাজ্যমূলক কর্মকাণ্ড বা কোনো ধরনের সহিংসতায় যাবেন না। প্রত্যেকেই শুক্রবার থেকে কর্মস্থলে যোগ দেবেন। মালিক-শ্রমিক মিলে একসঙ্গে কাজ করে শিল্প ও দেশকে এগিয়ে নেবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি শাহিদউল্লাহ আজিম ও রিয়াজ বিন মাহমুদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন ও জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম বলেন, ‘গত ৪ নভেম্বর মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা ঘোষণা করে। আগামী ২১ তারিখের মধ্যে সিদ্ধান্তটি চূড়ান্ত হবে। তারপর গেজেট আকারে প্রকাশ হবে। সে পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদনের ধারা অব্যাহত রাখব।’
আতিকুল ইসলাম বলেন, ‘এ সময়ে কোনো প্রকার ধ্বংস, ভাঙচুর বা অসহযোগ আন্দোলনে যাব না। এ ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ পোশাক খাতে বহির্বিশ্বে আমাদের ইমেজ সংকট দেখা দেবে। তাই দেশের স্বার্থে আমরা কোনো ধরনের সংঘাতে জড়াব না।’
শ্রমিকনেতা কাজী রুহুল আমিন বলেন, ‘ন্যূনতম মজুরির খসড়া প্রস্তাব ঘোষণার পর ১৪ দিন আপিল ও সুপারিশ করার সুযোগ আছে। ১৯ নভেম্বর পর্যন্ত সময় আছে। মালিক নেতারা আমাদের আশ্বস্ত করেছেন এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা যুুক্তিযুক্ত সিদ্ধান্তে পৌঁছাব।’ এর আগ পর্যন্ত সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।