পোশাকশ্রমিকেরা সবাই বেতন-ভাতা পেলেন না

প্রতিবছরের মতো শেষ পর্যন্ত কিছু পোশাক কারখানার শ্রমিক ঈদের আগে বেতন ও উৎসব ভাতা পেলেন না। তবে পোশাকশিল্পের কত কারখানা বেতন-ভাতা দিয়েছে বা দেয়নি সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কোনো পক্ষের কাছেই নেই।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ গতকাল সোমবার প্রেস ব্রিফিং করে বলেছে, অধিকাংশ কারখানা বেতন-ভাতা দিয়েছে। তবে এই শিল্পের শ্রমিকনেতাদের দাবি, কমপক্ষে ৫ শতাংশ কারখানা শ্রমিকের জুন মাসের বেতন দেয়নি। উৎসব ভাতা বা ঈদ বোনাস দেয়নি প্রায় ১০ শতাংশ কারখানা। যারা দিয়েছে তাদের একটি অংশ আবার নামমাত্র অর্থ দিয়ে শ্রমিকদের ছুটি দিয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সারা দেশে ৪ হাজার ৮০৯টি তৈরি পোশাক কারখানা আছে। এর মধ্যে গাজীপুর, আশুলিয়া-সাভার-ধামরাই, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ৩ হাজার ২১০ কারখানার বেতন-ভাতাসহ অন্যান্য বিষয় নিয়মিতভাবে নজরদারি করছে শিল্প পুলিশ।
শিল্প পুলিশ গতকাল বিকেলে জানায়, সাভার-আশুলিয়া ও ধামরাই এলাকার ৭৬৬ পোশাক কারখানার মধ্যে ৭১৭টি উৎসব ভাতা ও ৭১৪টি বেতন দিয়েছে। গাজীপুরের ৯৫৫ কারখানার মধ্যে ৮৬৯টির শ্রমিকেরা ভাতা ও ৮৯০টির শ্রমিকেরা বেতন পেয়েছেন। নারায়ণগঞ্জের ৮৫২ কারখানার মধ্যে ৭১৬টি ভাতা ও ৮২৫টি বেতন দিয়েছে। আর চট্টগ্রামে ৬৩৭ কারখানার মধ্যে ৬১২টি ভাতা ও ৬২১টি বেতন দিয়েছে। এ ছাড়া এসব এলাকায় পোশাকশিল্পের বাইরে ২ হাজার ৪১৪ কারখানার মধ্যে ২ হাজার ২১১টি বেতন-ভাতা দিয়েছে।
শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের নজরদারিতে থাকা পোশাক কারখানার ৯০ শতাংশ উৎসব ভাতা এবং ৯৫ শতাংশ বেতন দিয়েছে। তবে শিল্প পুলিশের তদারকির বাইরে ঢাকাসহ অন্য এলাকার প্রায় ১ হাজার ৫৯৯টি পোশাক কারখানা আছে।
এদিকে গতকাল দুপুরে বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত বিফ্রিংয়ে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘বিজিএমইএর পরিদর্শন করা ১ হাজার ৩১৯ কারখানার মধ্যে ৯৯ দশমিক ৯৫ শতাংশ শ্রমিকদের উৎসব ভাতা বা ঈদ বোনাস দিয়ে দিয়েছে। এ ছাড়া জুন মাসের বেতনও অধিকাংশ কারখানা দিয়েছে। বাকিরা আজ সোমবার (গতকাল) দিচ্ছে।’
বিজিএমইএর সভাপতি বলেন, ‘অধিকাংশ পোশাক কারখানার মালিক বেতন-ভাতা পরিশোধ করেছে। এ জন্য শ্রমিক ভাই-বোনেরা এবারের ঈদ আনন্দঘন পরিবেশে পরিবার-পরিজনকে নিয়ে উদ্যাপন করতে পারবেন বলে আমরা আশা করছি।’
গতকাল বিকেলে জানতে চাইলে শিল্প পুলিশের মহাপরিচালক (ডিজি) আবদুস সালাম বলেন, ‘আমাদের জানামতে নারায়ণগঞ্জ, আশুলিয়া ও চট্টগ্রামে ছয়টি কারখানায় বেতন-ভাতা ও

ঈদের ছুটি নিয়ে সমস্যা আছে। এর মধ্যে নারায়ণগঞ্জের দুই কারখানার শ্রমিকেরা বেতন পায়নি। কারখানা দুটির মালিকদের আটক করে বেতন-ভাতা পরিশোধে বাধ্য করার জন্য আমরা খুঁজছি।’
কয়েকটি শ্রমিকসংগঠন ও শিল্প পুলিশের কর্মকর্তারা জানান, মিরপুরের স্টাইলিশ ফ্যাশন তিন মাস ধরে শ্রমিকদের বেতন দিচ্ছে না। এ ছাড়া আশুলিয়ার মুভি ফ্যাশন ও মিরপুরের নিশাত ফ্যাশন বেতন দেয়নি। চট্টগ্রামের দুটি কারখানা বোনাস দিলেও বেতন না দিয়ে ছুটি দিয়েছে।
জানতে চাইলে জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রায় ৯৫ শতাংশ কারখানা বেতন দিলেও অধিকাংশ কারখানাই অর্ধেক বা মাত্র ৪ ভাগের ১ ভাগ বেতন দিয়েছে। এ ছাড়া ৯০ শতাংশ কারখানা উৎসব ভাতা দিয়েছে। তবে বেশির ভাগ কারখানার মালিকই মূল বেতনের ২০, ৩০ কিংবা ৪০ শতাংশ হিসাব করে নামমাত্র উৎসব ভাতা দিয়েছেন।’
সিরাজুল ইসলাম আরও বলেন, ‘যেসব কারখানা বেতন দেয়নি সেগুলো প্রায় সবই ঠিকা কাজ (সাব-কন্ট্রাক্টিং) করা কারখানা। এসব কারখানার দায়দায়িত্ব মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেয় না। সরকারও খুব একটা নজরদারি করে না। সে জন্য এসব কারখানার শ্রমিকেরা ঈদের খুশি থেকে বঞ্চিত থেকে যায়।’