পোশাকে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পণ্য রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি তৈরি পোশাক খাত থেকে আসে। সেই পোশাক রপ্তানি বিপর্যয়ের মুখে। সদ্য বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরে পণ্যটি রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক ২০ শতাংশ। গত ১৫ বছরের মধ্যে পোশাক রপ্তানি আয়ে এটিই সবচেয়ে কম প্রবৃদ্ধি।

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের চলে যাওয়া বা ব্রেক্সিট, যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব ও ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়া—এই তিন কারণে পোশাক রপ্তানি কমে গেছে। এই পরিস্থিতিতে পোশাক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পোশাক রপ্তানি আয়ের ধসটি সতর্ক হওয়ারই সংকেত। নিজেদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো ছাড়া ভবিষ্যতে রপ্তানি বৃদ্ধি করা প্রায় অসম্ভব; বরং কার্যকর উদ্যোগ না নিলে সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পোশাকশিল্পে বর্তমানে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন।

বিদায়ী অর্থবছরে ২ হাজার ৮১৫ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। তার আগের ২০১৫-১৬ অর্থবছর ২ হাজার ৮০৯ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। অর্থাৎ গত অর্থবছর শেষে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ২০ শতাংশ। অথচ ২০১৫-১৬ অর্থবছরে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ১৪ শতাংশ। দেশের সর্বোচ্চ পণ্য রপ্তানি আয়ের এ খাতটি এর চেয়ে বাজে অবস্থায় পড়েছিল ২০০১-০২ অর্থবছরে। সেবার পোশাক রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছিল।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ সূত্রে রপ্তানির এ তথ্য জানা গেছে। তারা জানিয়েছে, বিদায়ী অর্থবছরে ১ হাজার ৪৩৯ কোটি ডলারের ওভেন পোশাক ও ১ হাজার ৩৭৫ কোটি ডলারের নিট পোশাক রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের তুলনায় নিট পোশাক রপ্তানি ৩ শতাংশ বাড়লেও ওভেন পোশাক রপ্তানি ২ দশমিক ৩৫ শতাংশ কমেছে। পোশাক রপ্তানিতে ধস নামায় সামগ্রিক রপ্তানিতেই নেতিবাচক প্রভাব পড়েছে। গত অর্থবছর শেষে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৪৮৩ কোটি ডলার, প্রবৃদ্ধি ১ দশমিক ৬৮ শতাংশ।

রপ্তানির পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের আরেক প্রধান উৎস প্রবাসী আয়ও এবার বড়সড় ধাক্কা খেয়েছে। বিদায়ী অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছেন ১ হাজার ২৭৬ কোটি ডলার। এই আয় আগের অর্থবছরের তুলনায় সাড়ে ১৪ শতাংশ কম। এই প্রবাসী আয় গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন।

জানতে চাইলে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক গত রাতে প্রথম আলোকে বলেন, দুই-তিনটি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান ছাড়া বাকিদের ব্যবসায় প্রবৃদ্ধি নেই। প্রবৃদ্ধি না থাকায় স্বাভাবিকভাবেই ব্যবসা খারাপ।

ফজলুল হক আরও বলেন, ‘গত অর্থবছরের শুরু থেকেই পোশাক রপ্তানি ছিল নিম্নমুখী। ফলে অর্থবছর শেষে যে ফলাফল এসেছে, সেটি অনুমিতই ছিল। তবে পোশাক রপ্তানিতে ধসের ঘটনায় সবাইকে নড়েচড়ে বসতে হবে। একবার পোশাকের বাজার হারিয়ে ফেললে সেটি ফিরে পাওয়া খুবই মুশকিল। উৎপাদন ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। সে জন্য জরুরিভিত্তিতে একটি সমীক্ষা করা দরকার। সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’

বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) তথ্যমতে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) বাজারটিতে ২১৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। গত বছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি হয়েছিল ২২৬ কোটি ডলারের পোশাক। তার মানে এবার রপ্তানি কমেছে সাড়ে ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে ৫৩০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক।

বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগে প্রতিবছরই ক্রেতা কিছু কিছু করে ক্রয়াদেশ বাড়াত। আর এখন প্রতিবছরই কমাচ্ছে। এর কারণ হচ্ছে ইউরোপ ও আমেরিকার বাজারে একধরনের মন্দা চলছে। তা ছাড়া বেক্সিট, যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ার বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলছে।’

ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় সক্ষমতা কমে গেছে বলে মনে করেন বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, ‘গত পাঁচ বছরে ডলারের বিপরীতে টাকা ৪ শতাংশ শক্তিশালী হয়েছে। তবে ভারতের রুপি ৩২ শতাংশ অবমূল্যায়িত হয়েছে। ফলে আমাদের থেকে ভারতের রপ্তানিকারকেরা সুবিধাজনক অবস্থায় আছে। দেশটির সরকার পোশাকশিল্পের জন্য বিশেষ প্রণোদনাও দিয়েছে। ফলাফল গেল বছর তাদের পোশাক রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ।’ তিনি আরও বলেন, মূল্যস্ফীতির জন্য ডলারের বিপরীতে টাকাকে অবমূল্যায়িত না করলে সরকারকে অন্য প্রণোদনা দেওয়া প্রয়োজন।