পোশাকের দাম কম, কমপ্লায়েন্স নিশ্চিত করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিএসপি–সুবিধা পাওয়া দেশগুলোর অবস্থা বাংলাদেশের চেয়ে অত বেশি ভালো নয়: রেহমান সোবহান

বর্তমানে পোশাক রপ্তানি করে যে দাম পাওয়া যায়, তাতে কারখানার কমপ্লায়েন্স বা উন্নত কর্মপরিবেশ গড়ে তোলার ব্যয় নিশ্চিত করা যাবে না। কারণ, দেশের উদ্যোক্তারা এখন অনেক কম দাম পান, ফলে মুনাফাও হয় কম। তাই বর্তমান বাজারভিত্তিক কাঠামোর মধ্য দিয়ে কমপ্লায়েন্স বাস্তবায়ন করা সহজ নয়।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের পোশাক খাত: প্রাপ্ত দাম কি কমপ্লায়েন্স নিশ্চিত করতে পারছে?’ শীর্ষক সংলাপে উপস্থাপিত মূল প্রবন্ধে এ কথা বলা হয়েছে। সিপিডি মনে করছে, বর্তমান বাজারকাঠামোয় দুর্বলতা, সমন্বয়ের ব্যর্থতা ও তথ্যপ্রাপ্তির অপ্রতুলতার জন্য কমপ্লায়েন্স পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না।
রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল বুধবার অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। এতে ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, কূটনীতিক, শ্রমিকনেতাসহ বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

দেশের তৈরি পোশাক খাতের কমপ্লায়েন্স ​নিয়ে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে গতকাল বুধবার ​সিপিডি আয়োজিত সংলাপে বক্তারা l প্রথম আলো
দেশের তৈরি পোশাক খাতের কমপ্লায়েন্স ​নিয়ে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে গতকাল বুধবার ​সিপিডি আয়োজিত সংলাপে বক্তারা l প্রথম আলো

বর্তমান অবস্থা থেকে উত্তরণে সিপিডি সাতটি সুপারিশ করেছে। এগুলো হলো কমপ্লায়েন্স নিশ্চিত করতে কাটিং অ্যান্ড মেকিং (সিএম) মাশুল বাড়িয়ে বাড়তি অর্থের সংস্থান; এ অর্থের জোগান দিতে ক্রেতা-বিক্রেতার ব্যয়কাঠামো নির্ধারণ; পোশাকবিক্রেতার উৎপাদন খরচ কমিয়ে বাড়তি অর্থের সংস্থান; কমপ্লায়েন্সের বিষয়ে নজরদারির জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা; সামাজিক নিরীক্ষা জোরদার করা; আন্তর্জাতিক বিধি ও দিকনির্দেশনা শক্তিশালীকরণ এবং বিদেশি ক্রেতার সঙ্গে সম্পৃক্ত বাজারসংশ্লিষ্টদের একই কর্তৃপক্ষের আওতায় নিবন্ধন দেওয়া।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এতে তিনি বলেন, কমপ্লায়েন্স ব্যয়ে স্বচ্ছতার পাশাপাশি নজরদারিও থাকতে হবে। কমপ্লায়েন্স নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু সরকারের দুর্বলতার কারণে তা করা যাচ্ছে না। এ জন্য সরকার, ক্রেতা-বিক্রেতাসহ সবাইকে নিয়ে সামগ্রিকভাবে উদ্যোগ নিতে হবে।
সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, রানা প্লাজা ঘটনার পর সব ধরনের বিধিবিধান আসছে বিদেশি ক্রেতাদের দিক থেকে। কিন্তু বিধিবিধান করার দায়িত্ব সরকারের।
রেহমান সোবহানের মতে, যেকোনো বিধিমালা বাস্তবায়নে সরকারের ব্যর্থতা থাকলে এর সুবিধা পাওয়া যায় না। বাংলাদেশে এ ধরনের ব্যর্থতা রয়েছে, এদিকে জোর দিতে হবে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশের পণ্য রপ্তানি ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলারে উন্নীত করতে হলে শিল্পবান্ধব নীতি নিতে হবে। উন্নতি করতে হবে নিম্ন মজুরি ও কর্মপরিবেশের মতো বিষয়গুলোর। এতে দীর্ঘমেয়াদি কমপ্লায়েন্স তৈরি হবে।
আলোচনা: কমপ্লায়েন্সের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু প্রশ্ন তোলেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, যে প্রতিষ্ঠান যত বেশি মুনাফা করে, সেটি কি তত বেশি কমপ্লায়েন্ট? কারখানা স্থাপনের সময়ই এসব কমপ্লায়েন্স মানা হলে প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তির সঙ্গে তা যুক্ত হতো। কিন্তু এখন সেই কারখানা এককালীন খরচের ধাক্কা সামলাতে পারবে কি? আর এ খরচটি কি পৌনঃপুনিক হবে? যদি হয়, তবে বড় প্রতিষ্ঠানগুলো সক্ষম হবে, ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো হারিয়ে যাবে।
দেবপ্রিয় আরও বলেন, পোশাকের বাজারটি স্বল্পমেয়াদি, কিন্তু কমপ্লায়েন্সে বিনিয়োগ দীর্ঘমেয়াদি। তাই বাজার ও বিনিয়োগের মধ্যে একটি পার্থক্য রয়ে যাবে।
শ্রমসচিব মিকাইল শিপার বলেন, কারখানার কর্মপরিবেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যে এখন নৈতিকতাসম্পন্ন কেনাকাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
আগস্ট মাসের শেষ দিক থেকে মধ্য সেপ্টেম্বর নাগাদ নতুন শ্রমবিধিমালা প্রকাশ করা হবে বলে মিকাইল উল্লেখ করেন।
ওপেক্স গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা বলেন, কারখানার অবকাঠামো নির্মাণের সময় নিয়মকানুন মানলেই কমপ্লায়েন্স মানা হয়ে যায়। এখানে কোনো ছাড় দেওয়া উচিত নয়, কেননা এটা শ্রমিকদের নিরাপত্তার বিষয়। তাঁর মতে, বাংলাদেশে শ্রমের মজুরি ছাড়া সবই ব্যয়বহুল।
মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক বলেন, ‘আমি জানি না, কমপ্লায়েন্সের জন্য কোথায় অর্থ পাব? অগ্নিনিরোধক দরজার দাম ৮০০ থেকে ১ হাজার ডলার। একটি কারখানায় এ ধরনের কমপক্ষে ১৫টি দরজা লাগে। কিন্তু কমপ্লায়েন্স নিশ্চিত করা পর্যন্ত বিদেশি ক্রেতারা আমার জন্য অপেক্ষা করবে না।’
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘ক্রেতাদের চাপিয়ে দেওয়া শর্ত অনুযায়ী কমপ্লায়েন্ট হতে চাই না। আমরা আমাদের নিজস্ব উপায়ে কমপ্লায়েন্স নিশ্চিত করতে চাই।’
গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কারখানায় কাগুজে শ্রমিক ইউনিয়ন নয়, সত্যিকার ট্রেড ইউনিয়ন থাকতে হবে। প্রতিবছর বিদেশি বায়িং হাউসগুলো কী পরিমাণ অর্থ বিদেশে নিয়ে যাচ্ছে, তা নিরূপণ করা উচিত।’
ঢাকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কার্যালয়ের বাণিজ্য উপদেষ্টা জিল্লুল হাই রাজী বলেন, ‘কমপ্লায়েন্স নিয়ে কোনো শিথিলতা দেখানো যাবে না। যখন জিএসপি প্লাসের দিকে যাব, তখন কমপ্লায়েন্স আরও কঠোর হবে।’
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পরিচালক আরশাদ জামান বলেন, এখন কমপ্লায়েন্স ইস্যুতে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে অ্যাকর্ড-অ্যালায়েন্স। তিন হাজারের বেশি কারখানা পরিদর্শন করে মাত্র দেড় শতাংশ কারখানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে তারা। কমপ্লায়েন্সের জন্য বিনিয়োগে দাতারা অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা এখনো পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্সের সভাপতি রায় রমেশ চন্দ্র বলেন, ‘সেই কোটা আমল থেকেই কারখানা মালিকেরা মুনাফা করে আসছেন, এখনো করছেন। কিন্তু কমপ্লায়েন্সের প্রতি তাঁদের কোনো আগ্রহ নেই।’ এ ছাড়াও সংলাপে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, ফেডরিক এবার্ট স্টিফটাংয়ের (এফইএস) আবাসিক প্রতিনিধি হেনরিক মাইহাক প্রমুখ। সংলাপ অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেছে এফইএস।
প্রসঙ্গ জিএসপি: আলোচনার একপর্যায়ে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি-সুবিধা নিয়ে কথা বলেন রেহমান সোবহান। তিনি বলেন, ‘হাতি, ঘোড়া, ছাগল সবাই জিএসপি-সুবিধা পাচ্ছে। কিন্তু বাংলাদেশকে দেওয়া হয়নি। জিএসপি-সুবিধাভোগী দেশগুলোর শ্রমমান, কর্মপরিবেশ ইত্যাদি বাংলাদেশের চেয়ে ভালো কি না, তা নিয়ে গবেষণা করা যেতে পারে।’
অনুষ্ঠানের পরে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিযোগিতা সক্ষমতার বিবেচনায় জিএসপি-সুবিধা পাওয়া ওই সব দেশের অবস্থা বাংলাদেশের চেয়ে অত বেশি ভালো নয়। এখন যুক্তরাষ্ট্র সরকারকেই স্বচ্ছতার সঙ্গে প্রমাণ করতে হবে যে বাংলাদেশের প্রকৃত অবস্থা কী?