পোশাকের পাশাপাশি অন্য পণ্যের রপ্তানি বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে শুধু তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভর করলে চলবে না। রপ্তানি-বাণিজ্যে একটি খাতের ওপর নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ। তাই পোশাকের পাশাপাশি অন্য পণ্যের রপ্তানিও বৃদ্ধি করতে হবে।তৈরি পোশাকের সহায়ক পণ্য (গার্মেন্টস অ্যাকসেসরিজ) ও মোড়কীকরণের সঙ্গে সংশ্লিষ্ট (প্যাকেজিং) পণ্যের আন্তর্জাতিক মেলা গ্যাপেক্সপো-২০১৩ উদ্বোধনকালে গতকাল রোববার বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। একই স্থানে গাপেক্সপোর পাশাপাশি ইয়ার্ন ও ফেব্রিকস এবং গার্মেন্টেক নামে আরও দুটি মেলার আয়োজন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর ৩৭৫ কোটি মার্কিন ডলার আয় করছে। এ ক্ষেত্রে আরও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে।’ দেশের রপ্তানি-বাণিজ্য বৃদ্ধির জন্য এ ধরনের মেলা ভালো ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিজিএমইএয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিজিএপিএমইএর সহসভাপতি শাহজাদা মাহমুদ চৌধুরী।এবারের মেলায় বাংলাদেশ, ভারত, চীন, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি, দুবাইসহ প্রায় ১০টি দেশের সাড়ে ৩০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো মেলায় তৈরি পোশাকের সহায়ক (গার্মেন্টস অ্যাকসেসরিজ) ও মোড়কীকরণের পণ্যসামগ্রী পদর্শন করছে।দেশিয়প্রতিষ্ঠানগুলো পলিব্যাগ, হ্যাঙ্গার, ইলাস্টিক, বোতাম, বোতাম ট্যাগ, কলার স্ট্যান্ড, বাটারফ্লাই, লেবেল, করোগেটেড কার্টন, জিপার, হ্যাংটেগ, ব্যাক বোর্ড, নেক বোর্ড, সুইং থ্রেড, প্রাইস ট্যাগ, ফটোবোর্ড, গামটেপ, টিস্যু, এমব্রয়ডারি, প্যাডিং, কুইলটিংসহ নানা পণ্য মেলায় প্রদর্শন করছে। এবারের মেলায় এশিয়া স্টার অ্যাওয়ার্ড প্যাকেজিং ডিজাইনিংয়ে বিশেষ অবদানের জন্য কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার দেওয়া হবে বলে আয়োজকেরা জানান।