কারখানার পোশাক তৈরির সর্বশেষ ধাপে এসে প্রাইস-ট্যাগ বা মূল্য চিরকুট লাগানো হয়। এ ক্ষেত্রে সব সময়ই উৎপাদন খরচ কমিয়ে বেশি মুনাফা করার প্রচেষ্টা থাকে। আর বিদেশি ক্রেতাদের এই মুনাফার ব্যবস্থা করিয়ে দেন কারখানা মালিকেরা, শ্রমিকদের বঞ্চিত করে।
ফলে শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা থাকে না চকচকে পোশাক কিংবা মূল্য চিরকুটে। এ জন্য কারখানা মালিকসহ সব পক্ষকেই সচেতন হতে হবে। পোশাক তৈরিতে ক্রেতাদের সঠিক মূল্য দিতে হবে, যেন শ্রমিকেরা ন্যায্য মজুরি পান। কারখানার কর্মপরিবেশ নিশ্চিতসহ শ্রমিক নির্যাতন বন্ধ এবং বিপর্যয় রোধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
‘প্রাইস-ট্যাগই সব নয়’ শীর্ষক ৩৫ মিনিটের প্রামাণ্যচিত্রে যেন পোশাকশ্রমিকদের এই আবেদনই ফুটে উঠেছে। রানা প্লাজা ধসের পর ছয় মাস ধরে আশুলিয়া, সাভার ও কালিয়াকৈর এলাকা ঘুরে প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সাংবাদিক মুহম্মদ মোফাজ্জল।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল মঙ্গলবার পোশাকশিল্প নিয়ে আয়োজিত এক সেমিনারে মোফাজ্জলের এই প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চন্নু, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, সাংসদ শিরীন আখতার প্রমুখ।
প্রতিমন্ত্রী মজিবুল হক বলেন, ছোটখাটো এবং ঠিকা কাজ করা কারখানা ছাড়া বাকিরা নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করেছে। তবে মূল সমস্যা শ্রমিকদের বাড়ি ভাড়া নিয়ে। বাড়ির মালিকেরা যাতে যখন-তখন বাড়ি ভাড়া না বাড়াতে পারেন সেই ব্যাপারে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্প খাতে বর্তমানে প্রায় ৭০টির মতো ফেডারেশন রয়েছে। তবে আন্তর্জাতিক শ্রম সংস্থা ও দেশীয় বিধি অনুযায়ী ফেডারেশনের নিবন্ধন হচ্ছে না।
মজিবুল হক আরও বলেন, বিধি অনুযায়ী পাঁচটি শ্রমিক ইউনিয়ন নিয়ে একটি ফেডারেশন হওয়ার কথা। তবে খোঁজ নিয়ে জানা যায়, এ শর্ত পূরণ করেছে মাত্র দুটি ফেডারেশন। ঢালাওভাবে শ্রমিক ফেডারেশনের অনুমতি নিচ্ছেন শ্রমিকনেতারা।
ড্যান ডব্লিউ মজীনা বলেন, পোশাক মালিকদের এমনভাবে ব্যবসা করতে হবে যেন, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের মতো ঘটনার পুনরাবৃত্তি না হয়। এ জন্য শ্রমিক নিরাপত্তার বিষয়ে ছাড় দেওয়া যাবে না। অবশ্য মালিকেরা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে অপারগতা প্রকাশ করছেন। এর মানে পরিষ্কার যে যেভাবে ব্যবসা চলছে তারা সেভাবেই চালাতে চান।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, জিএসপি পুনরুদ্ধারে যেসব শর্ত দেওয়া হয়েছিল তার কিছু বাস্তবায়ন করেছে বাংলাদেশ। বাকিগুলোও করতে হবে বলে মন্তব্য করেন ড্যান ডব্লিউ মজীনা।
সেমিনারে আরও বক্তব্য দেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহম্মেদ খান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি রিয়াজ-বিন-মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক ফরিদ হোসেন প্রমুখ।