পোস্টাল ক্যাশ কার্ডের সেবা বাড়ছে

এবার অটোমেটেড টেলার মেশিন বা এটিএম বুথ থেকে টাকা তোলা আর বিপণিবিতানে কেনাকাটার সুবিধা নিয়ে আসছে ডাক বিভাগের পোস্টাল ক্যাশ কার্ড। ফলে টাকা উত্তোলনের জন্য এখন ব্যাংকের এটিএম কার্ডের মতো এটি ব্যবহার করে যাবে। পাশাপাশি বিপণিবিতানে কেনাকাটা করতে পারবেন গ্রাহকেরা।
আগামী শনিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন এই নতুন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর পর থেকে সারা দেশে কিউ ক্যাশ নেটওয়ার্কের ২৬টি ব্যাংকের তিন হাজার এটিএম বুথ থেকে টাকা উত্তোলনে এবং প্রায় আট হাজার বিপণিবিতানের পিওএস মেশিনে কেনাকাটার জন্য পোস্টাল ক্যাশ কার্ড ব্যবহার করা যাবে। বর্তমানে ডাকঘরের নির্দিষ্ট কাউন্টারে গিয়ে পয়েন্ট অব সেলস বা পিওএস মেশিনে ক্যাশ কার্ডটি ব্যবহার করতে হয়।
সম্প্রসারিত এই সুবিধা চালুর দুই সপ্তাহের মধ্যে মোবাইলে ‘ট্রানজেকশন নোটিফিকেশন’ (মুঠোফোন বার্তার মাধ্যমে লেনদেনের তথ্য) চালু করবে ডাক বিভাগ। আর তৃতীয় পর্যায়ে ই-কর্মাস বা মোবাইল ব্যাংকিং চালু হবে। তখন এই ক্যাশ কার্ড দিয়ে মোবাইলে টাকা রিচার্জ, গ্যাস, পানি ও বিদ্যুতের বিল পরিশোধের সুবিধা চলে আসবে।
গত দুই বছরে সারা দেশের জেলা ও উপজেলাসহ এক হাজার ৩৩৩টি ডাকঘরে সেবাটি সম্প্রসারিত হয়েছে। এ ছাড়া সোনালী ব্যাংকের সঙ্গে যৌথভাবে নিজস্ব এটিএম বুথ করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে বনানী, ঢাকা জিপিও, মিরপুর ও উত্তরায় চারটি এটিএম বুথ করা হয়েছে। বছর শেষে এই সংখ্যা ২৫-এ দাঁড়াবে।
দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী আর্থিক লেনদেন—এই স্লোগান নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ডাক বিভাগের নতুন চমক এই পোস্টাল ক্যাশ কার্ড। অবশ্য ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ২০১০ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী পোস্টাল ক্যাশ কার্ডের উদ্বোধন করেছিলেন। তবে সব প্রস্তুতি শেষ করে পরের বছর জুলাইতে এটি বাজারে নিয়ে আসে ডাক বিভাগ। আনুষ্ঠানিকভাবে চালুর প্রথম বছরেই সেবাটি দিয়ে ১৭ লাখ টাকা আয় করেছে ডাক বিভাগ। দ্বিতীয় চলতি অর্থবছরের গত মে মাস পর্যন্ত ২৯ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়। আর আয় হয়েছে ২০ লাখ টাকা। বর্তমানে সারা দেশে ৬০ হাজার গ্রাহক এই কার্ডের সেবা নিচ্ছেন।
এই ক্যাশ কার্ড দিয়ে দুটি প্রতিষ্ঠান ও একটি প্রকল্পের বেতন-ভাতা প্রদান করছে ডাক বিভাগ। এ ছাড়া বিশ্বব্যাংকের একটি প্রকল্পের আওতায় ১৪ হাজার ১২৭ জনকে এই ক্যাশ কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হয়েছে। অভিযোগ আছে, যথাযথ প্রচার-প্রচারণার অভাবে খুব একটা এগোতে পারেনি পোস্টাল ক্যাশ কার্ড। অন্যথায় কার্ডের গ্রাহকসংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে যেত এমনটাই মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. জাকির হাসান নূর প্রথম আলোকে বলেন, ‘সমস্যাটি আমরা কাটিয়ে ওঠেছি। কয়েক দিন ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এতে জনসাধারণের কাছ থেকে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত যে সাফল্য পেয়েছি, তাতে আমরা অভিভূত।’ ডাক বিভাগ থেকে জানা গেছে, মাত্র ৪৫ টাকা খরচ করে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে ডাকঘর থেকে পোস্টাল ক্যাশ কার্ড ক্রয় করতে পারবেন যে কেউ। এ ক্ষেত্রে ব্যাংকের এটিএম কার্ডের মতো মাসিক বা বার্ষিক কোনো চার্জ কর্তন করা হবে না।
নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে তিন কপি পাসপোর্ট সাইজ ছবি ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিলে তাৎক্ষণিকভাবে ক্যাশ কার্ড প্রদান করা হয়। এ জন্য ফি বাবদ ৪৫ টাকা জমা দিতে হবে। তবে এর মধ্য থেকে ১০ টাকা গ্রাহকের হিসাবে জমা থাকবে।
একজন গ্রাহক প্রতিবার ১০ টাকা থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত কার্ডের হিসাবে জমা করতে পারবেন। তবে সর্বমোট পাঁচ লাখ টাকার বেশি কখনোই রাখতে পারবেন না। দিনে সর্বোচ্চ দুবার টাকা উত্তোলন করা যায়। আর প্রতিবার টাকা জমা ও উত্তোলনে পাঁচ টাকা চার্জ দিতে হবে। এ ছাড়া গ্রাহক এক কার্ড থেকে অন্য কারও কার্ডের টাকা স্থানান্তর করতে পারবেন। এ জন্য চার্জ রাখা হবে প্রতি হাজারে ১০ টাকা। প্রতিবার একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।
জাকির হাসান নূর বলেন, পুরোদমে কাজ চলছে। এটিএম বুথের সেবা চালুর এক-দেড় মাসের মধ্যেই ই-কমার্স বা মোবাইল ব্যাংকিংয়ের মতো সব সুবিধা পেয়ে যাবেন গ্রাহকেরা। ডাক বিভাগের পোস্টাল ক্যাশ কার্ড সেবাটি মূলত স্বল্প আয়ের মানুষের জন্য করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। তাঁরা আরও বলেন, এ জন্য খুবই অল্প চার্জ বা মাশুল নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে লুকায়িত কোনো চার্জ রাখা হয়নি। অন্যদিকে ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিসও (ইএমটিএস) ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মুঠোফোনভিত্তিক এই ইএমটিএস-সেবার মাধ্যমে মিনিটের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠানো যায়। এ জন্য প্রথম এক হাজার টাকায় ২৭ টাকা এবং পরবর্তী প্রতি হাজারে ১০ টাকা করে মাশুল নেওয়া হয়। ইএমটিএসে টাকা পাঠাতে ডাকঘর থেকে সরবরাহকৃত একটি ছোট ফরম পূরণ করতে হয়। টাকা জমা হলে প্রেরকের মুঠোফোনে একটি পিন নম্বর স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায়। প্রেরকের কাছ থেকে জেনে নিয়ে প্রাপক যেকোনো ডাকঘর থেকে মানি অর্ডারের টাকা তুলতে পারেন।