চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সরকারের নেওয়া বিশেষ প্রকল্পসহ ৯ হাজার ৭৬১ কোটি টাকার ১১টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পে স্থানীয় মুদ্রায় দেওয়া হবে ৮ হাজার ২৬৮ কোটি টাকা। প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৭৯০ কোটি টাকা। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো দেবে ৭০৩ কোটি টাকা।
গতকাল বুধবার শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেকের এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো ৫ হাজার ৬১৬ কোটি টাকার চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন; ৪০০ কোটি টাকার ফেরি ও পন্টুন নির্মাণ ও পুনর্বাসন (২য় পর্যায়); ১১৪ কোটি টাকার রাজাপুর-কাঁঠালিয়া-আমুয়া-বামনা-পাথরঘাটা মহাসড়ক উন্নয়ন; ৭৯ কোটি টাকার কেরানীহাট-সাতকানিয়া-গুনাগরী জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন; ৬৩ কোটি টাকার আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে পর্যটন ভবন নির্মাণ; ৫৭০ কোটি টাকার পল্লি জীবিকায়ন প্রকল্প (২য় পর্যায়); ৩৮৪ কোটি টাকার জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের কুলকান্দি ও গুঠাইল হার্ড পয়েন্টের মধ্যবর্তী যমুনা নদীর বাম তীর রক্ষা; ২০৪ কোটি টাকার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার যমুনা নদীর বাম তীর সংরক্ষণের মাধ্যমে ভুয়াপুর-তারাকান্দি সড়ক রক্ষা; ৬৫ কোটি টাকার সৌরশক্তি ও পানিসাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (পাইলট প্রকল্প); ১ হাজার ৩২৫ কোটি টাকার মহেশখালীর পাওয়ার হাবের ভূমি অধিগ্রহণ এবং ৯৪১ কোটি টাকার এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্প।
একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পটি সম্পর্কে তিনি বলেন, এটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) বাস্তবায়ন করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, চউকের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগ ও চট্টগ্রাম সিটি করপোরেশন সমন্বিতভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।