পৌনে ৪০০ কোটি টাকার বিদ্যুতের খুঁটি কেনা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুতায়নে ১ লাখ ৮৫ হাজার খুঁটি কিনবে সরকার। এতে ব্যয় হবে ৩৮৮ কোটি টাকা।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে গত রোববার অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ক্রয় কমিটির বৈঠকে মোট সাতটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
খুঁটি কেনার কাজ পেয়েছে চরকা এসপিসি পোল, পোলস অ্যান্ড কনক্রিট লিমিটেড ও কনটেক কনস্ট্রাকশন, ইলেকট্রোপ্যাক ইন্ডাস্ট্রি, টিএসসিও পাওয়ার, জেমকন লিমিটেড, দাদা ইঞ্জিনিয়ারিং ও রয়্যাল গ্রিন প্রোডাক্ট।
অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হচ্ছে: পল্লী বিদ্যুতায়নের আওতায় ৪ হাজার ১৯০টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ও ৭ হাজার ৩৭৫ কিলোমিটার কন্ডাক্টর এসিএসআর বেয়ার এবং স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য ১৪ তলাবিশিষ্ট পাঁচটি বহুতল ভবন নির্মাণ।
মোস্তাফিজুর রহমান জানান, বহুতল ভবন নির্মাণ করা হবে ঢাকার মিরপুরের ৯ নম্বর সেকশনে। এতে ব্যয় হবে ২৭২ কোটি টাকা। কাজ পেয়েছে মো. নূর হোসেন (জেভি), টিইএএল-টিবিএল কনসোর্টিয়াম, দেশ উন্নয়ন লিমিটেড-দ্য বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স (জেভি) এবং পিবিএল-পিএইএল (জেভি)। একই সময়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। মোস্তাফিজুর রহমান জানান, এতে খুলনা জেলার ভূতিয়ার বিল এবং বর্ণাল-সলিমপুর-কোলাবাসুখালী বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) কাজটি সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট করবে।