প্যাকেজ ভ্যাটে অনড় ছোট ব্যবসায়ীরা
আগামী ১ জুলাই থেকে নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়িত হবে। তখন সব মূসকদাতা প্রতিষ্ঠানকে ১৫ শতাংশ হারে মূসক দিতে হবে। প্যাকেজ ভ্যাট বা মূসক-ব্যবস্থা উঠে যাবে। তবে তাঁরা উপকরণ রেয়াত নিতে পারবেন। কিন্তু বাংলাদেশ দোকান মালিক সমিতি ১৫ শতাংশ মূসক হার মানতে রাজি নয়। ক্ষুদ্র দোকানদারেরা আগের মতোই প্যাকেজ ভ্যাট বা মূসক দিতে চান। তবে প্যাকেজে আগের চেয়ে বাড়তি টাকা দিতে রাজি তাঁরা।
গত রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পক্ষে দোকান মালিক সমিতি নতুন এ প্রস্তাব দিয়েছে। এর পাশাপাশি এ প্রস্তাবের অনুলিপি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে পাঠানো হয়েছে। শিগগিরই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর কাছে এ দাবিনামা পাঠানো হবে।
নতুন আইনের খসড়া প্রকাশের পর দুই বছরের বেশি সময় ধরে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পক্ষ থেকে প্যাকেজ মূসক প্রথা বহাল রাখার দাবি জানানো হচ্ছে।
দোকান মালিক সমিতির পাঠানো চিঠি অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য বার্ষিক ১৪ হাজার টাকার পরিবর্তে ১৮ হাজার টাকা; অন্য সিটি করপোরেশন এলাকায় ১০ হাজার টাকার পরিবর্তে ১৪ হাজার টাকা; জেলা পৌর এলাকায় ৭ হাজার ২০০ টাকার পরিবর্তে ১০ হাজার টাকা এবং অন্য এলাকায় ৩ হাজার ৬০০ টাকার পরিবর্তে ৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছে দোকান মালিক সমিতি। সমিতি এর পক্ষে যুক্তি দেখিয়েছে, এসব ব্যবসায় প্রতিষ্ঠানে নির্দিষ্ট মূল্যে পণ্য বিক্রি হয় না, পণ্যের ক্রেতারা দর-কষাকষি করে পণ্য কেনেন। তাই এসব প্রতিষ্ঠানের কাছ থেকে নির্ধারিত ১৫ শতাংশ হারে মূসক দেওয়া কিংবা উপকরণ রেয়াত নেওয়া অসম্ভব।
এ ছাড়া সেবা খাতের প্রতিষ্ঠানে ৩০ শতাংশ মূল্য সংযোজন করে ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর মানে হলো, কোনো সেবা যে দামে নেওয়া হবে, এর ওপর ৪ শতাংশ মূসক আরোপ হবে।
এ বিষয়ে জানতে চাইলে দোকান মালিক সমিতির চেয়ারম্যান এস এ কাদের প্রথম আলোকে বলেন, ‘আমরা একটি অসম প্রতিযোগিতা ঠেকাতে প্যাকেজ মূসক প্রথার বহাল চাই। নতুন মূসকে আইনে উপকরণ রেয়াত নেওয়ার সুযোগ রাখা হয়েছে। কিন্তু আমাদের মতো ব্যবসায় পর্যায়ে যখন পুরান ঢাকার পাইকারি দোকান থেকে পণ্য আনি, তখন তো তারা আমাদের যথাযথ রসিদ দেয় না। তাই হিসাবরক্ষণের অসুবিধার কারণে আমরা কখনোই উপকরণ রেয়াত নিতে পারব না।’
বাংলাদেশে ৮ লাখ ৪০ হাজার প্রতিষ্ঠানের মূসক নিবন্ধন রয়েছে। এর মধ্যে বছরে মাত্র ৩২ হাজার প্রতিষ্ঠান নিয়মিত মূসক দেয়। এর বেশির ভাগই প্যাকেজ মূসকের আওতায় রয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, প্যাকেজ মূসক থেকে এনবিআর বছরে ১০ কোটি টাকার মতো রাজস্ব পায়।