প্যাকেজ মূসক অকার্যকর হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি প্রজ্ঞাপনের কারণে চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে থাকা প্যাকেজ মূল্য সংযোজন কর (মূসক) এবং লেনদেন করব্যবস্থা সম্পূর্ণ অকার্যকর ও অপ্রাসঙ্গিক হয়ে গেছে বলে অভিযোগ তুলেছে ব্যবসায়ী ঐক্য ফোরাম।
ওই প্রজ্ঞাপনে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের টার্নওভার ট্যাক্স বা লেনদেন কর সুবিধা তুলে নেওয়া হয়েছে উল্লেখ করে ফোরাম বলেছে, এখন বাড়তি হারে প্যাকেজ মূসক দিতে গেলেও এনবিআর তা নিচ্ছে না।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফোরামের নেতারা। এতে প্যাকেজ মূসকের পরিমাণ বছরে ২০ শতাংশ হারে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।
এবারের বাজেটে ৮০ লাখ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ন্যূনতম ২৮ হাজার টাকা প্যাকেজ মূসক প্রদানের ব্যবস্থা রাখা হয়েছিল; যা আগের বছর ছিল ১৪ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে ঐক্য ফোরামের পক্ষ থেকে প্যাকেজ মূসক বহাল রাখাসহ বিভিন্ন দাবি তুলে ধরে এসব নিয়ে আলোচনা করতে একটি অংশীদারত্ব সংলাপ আয়োজনের আহ্বান জানানো হয়। সরকার আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে এই সংলাপ আয়োজনের উদ্যোগ নিতে ব্যর্থ হলে কর্মবিরতি, মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজনের কর্মসূচি পালনের ঘোষণা দেন ফোরামের নেতারা।
সংগঠনটির সাধারণ সম্পাদক আবু মোতালেব বলেন, প্রয়োজনে এফবিসিসিআই ও এনবিআর ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ৩৬ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা লেনদেন পর্যন্ত সব পণ্য খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সেবা খাতে শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ লেনদেন কর; ৫ কোটি টাকার বেশি লেনদেনে কর রেয়াত নিতে অপারগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৪ শতাংশ হারে মূসক এবং মেরামত, পণ্য পরিবহন, কুরিয়ার সেবাসহ বিভিন্ন সেবা খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন ৩০ শতাংশ ধরে সাড়ে ৪ শতাংশ মূসক ধার্যের দাবি জানানো হয়।
এ ছাড়া ১২০ টাকা মূল্যমান পর্যন্ত প্লাস্টিক এবং রাবারের হাওয়াই চপ্পল ও পাদুকা, হাতে তৈরি ১০০ টাকা কেজি পর্যন্ত মূল্যমানের বিস্কুট ও রুটি, পাওয়ার লুমে উৎপাদিত বস্ত্র, কৃষি যন্ত্রাংশ ও ইনডেন্টিং সেবার ওপর থেকে মূসক প্রত্যাহারের দাবি জানায় ফোরাম।
লিখিত বক্তব্যে আবু মোতালেব আমদানি পর্যায়ে মূলধনি যন্ত্রপাতি, মৌলিক ও মধ্যবর্তী কাঁচামাল এবং উপকরণের অগ্রিম আয়কর প্রত্যাহারে দাবি জানান।
বাজেট পাস হওয়ার আগে ব্যবসায়ীদের দাবিদাওয়া নিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশন (এফবিসিসিআই) সরকারের সঙ্গে ঠিকমতো লিয়াজোঁ বা যোগাযোগ করেনি বলে অভিযোগ করেন আবু মোতালেব। তিনি বলেন, ওই সময় এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ কয়েক দিন পরপরই বিদেশ সফর করেছেন।
আবু মোতালেব আরও বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আমাদের বলেছেন, এফবিসিসিআই সভাপতি তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। এনবিআরের একজন সদস্যও বলেছেন, তিনি আমাদের দাবি সম্পর্কে জানতেন না।’
সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি আবদুস সালাম, এফবিসিসিআইয়ের বাজেট প্রস্তাব প্রণয়নে গঠিত টাস্কফোর্সের সদস্য আবদুর রাজ্জাক, মনজুর আহমেদ, এস এম কামাল উদ্দিনসহ বিভিন্ন পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মনজুর আহমেদ বলেন, কর বিষয়ে সরকার সন্ত্রাস চালাচ্ছে। কোনো গণতান্ত্রিক সরকার এভাবে কর বাড়াতে পারে না। সংবিধানে বলা আছে, সরকার এমন কিছু করতে পারবে না, যা জীবন ও জীবিকাকে ব্যাহত করে।