প্যাকেজ মূসক থাকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায় প্রতিষ্ঠানের প্যাকেজ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দেওয়ার পদ্ধতি আর থাকছে না। আগামী ১ জুলাই নতুন মূসক আইনের কার্যকারিতা শুরু হলেও উঠে যাবে প্যাকেজ মূসক। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর তারই অংশ হিসেবে আগামী ১ এপ্রিল শুরু হচ্ছে ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (ই-বিআইএন) নিবন্ধন কার্যক্রম।
এনবিআরের কর্মকর্তারা বলেন, ব্যবসায়ীরা যাতে অনলাইনে মূসক দিতে পারেন, সেই উদ্দেশে ‘ভ্যাট অনলাইন’ শীর্ষক প্রকল্প চালু করেছে এনবিআর। এর আওতায় ই-বিআইএন নিবন্ধন নিয়ে মূসকদাতারা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে তাঁদের আগের ১১ ডিজিটের নম্বরের পরিবর্তে নতুন মূসক নম্বর হবে ৯ ডিজিটের।
এনবিআরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলেন, নতুন মূসক আইনে ব্যবসায়ীদের জন্য ইবিআইএন নেওয়া বাধ্যতামূলক। তবে যেসব ব্যবসায়ীর বার্ষিক লেনদেন (টার্নওভার) ৮০ লাখ টাকার বেশি, তাঁদেরই ইবিআইএন নিবন্ধন নিতে হবে। ঘরে বসে অথবা সরাসরি নিজ নিজ কর অঞ্চলে গিয়ে নিবন্ধন নেওয়ার সুযোগ থাকবে। এনবিআরের কর্মকর্তারা এতে সহায়তা দেবেন। এতে হয়রানি বন্ধ হওয়ার পাশাপাশি রাজস্ব আদায় বাড়বে বলে মনে করেন এনবিআরের কর্মকর্তারা।
এনবিআর সূত্রে জানা যায়, দেশে ইতিমধ্যে ৮ লাখ ৪০ হাজার প্রতিষ্ঠান বিআইএন নিয়েছে। তবে বছরে মাত্র ৩২ হাজার প্রতিষ্ঠান মূসক দেয়, যার সিংহভাগই প্যাকেজ ভ্যাটের আওতায়।