প্যাকেজ মূসক নিয়ে এনবিআরের গণবিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যাকেজ মূল্য সংযোজন কর (মূসক) নিয়ে বিভ্রান্তি দূর করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কোনো মহল প্যাকেজ মূসকের নামে ব্যবসাবান্ধব নতুন মূসক আইন নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করছে। এনবিআর মনে করে, চার ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই চার ধরনের বিভ্রান্তি নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে এনবিআরের ওই গণবিজ্ঞপ্তিতে। গণবিজ্ঞপ্তিটি এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
চার ধরনের বিভ্রান্তি সম্পর্কে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম বিভ্রান্তি হলো নতুন মূসক আইনে প্যাকেজ মূসক না থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়ে এনবিআরের ব্যাখ্যা হলো, মূসক আইনে প্যাকেজ মূসক বলতে কোনো মূসক নেই। এটি আসলে এ ধরনের টার্নওভার কর। বিদ্যমান আইনে যেসব ক্ষুদ্র ব্যবসায়ীর বার্ষিক বিক্রি সর্বোচ্চ সাত লাখ টাকার মধ্যে হলে টার্নওভার করের সুবিধার জন্য যোগ্য হবেন। নতুন আইনে ৩০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক বিক্রি হলে টার্নওভার কর ও মূসক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এনবিআর বলছে, বর্তমানে যেসব ব্যবসায়ী প্যাকেজ মূসকের নামে টার্নওভার কর দিচ্ছেন, নতুন আইনে তাঁদের কোনো মূসক দিতে হবে না।
নতুন মূসক আইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের রেজিস্টার, খাতাপত্র রাখতে হবে—এ বিভ্রান্তি সম্পর্কে এনবিআর বলছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের প্রয়োজনে ব্যবসার বেচাকেনার হিসাব রাখেন। নতুন আইনে যাঁদের বিক্রি ৩০ লাখ টাকা পর্যন্ত তাঁদের নিজস্ব হিসাবের বাইরে অতিরিক্ত হিসাব, খাতাপত্র বা রেজিস্টার রাখার প্রয়োজন নেই।
মূসকের হিসাব রাখার জন্য একজন কর্মচারী রাখতে হবে; এর ফলে খরচ বাড়বে—এ বিভ্রান্তির জবাবে এনবিআর বলছে, যেহেতু ৩০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক বিক্রির হিসাব রাখতে হবে না, তাই অতিরিক্ত কর্মচারী রাখতে হবে না। তাই খরচও বাড়বে না।
চতুর্থ বিভ্রান্তি হলো, ক্রেতারা মূসক দেন না। তাই ব্যবসায়ীরা নিজেদের পকেট থেকে প্যাকেজ মূসক দেন না। এ বিষয়ে এনবিআর বলছে, নতুন মূসক আইনে পণ্যের দামের মধ্যে মূসক অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতারা মূসক দেবেন। তাই ব্যবসায়ীদের নিজের পকেট থেকে মূসক দিতে হবে না।
২০০৬ সাল থেকে প্যাকেজ মূসক প্রথা চালু করা হয়েছে। বেচাকেনার ওপরে নয়, বছরে একটি থোক হিসেবে প্যাকেজ মূসক দেন ব্যবসায়ীরা। এলাকাভেদে প্যাকেজ মূসকের পরিমাণ ভিন্ন।
আগামী জুলাই মাস থেকে নতুন মূসক আইন কার্যকর করার ঘোষণা দিয়েছে এনবিআর। নতুন আইনে প্যাকেজ মূসক বহাল রাখার জন্য দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। এই দাবিতে তাঁরা আন্দোলন করে আসছেন। নতুন আইনে টার্নওভার করের সুবিধার বাইরে (৮০ লাখ টাকার বেশি বার্ষিক বিক্রি হলে) প্রতিষ্ঠানকে ১৫ শতাংশ হারে মূসক দিতে হবে।