মূল্য সংযোজন কর (মূসক) দেওয়ার ক্ষেত্রে ‘প্যাকেজ’ পদ্ধতি বহাল রাখার দাবিতে আন্দোলনে নামছেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন মিলে ৯ মে লালবাগে একটি সভার আয়োজন করেছে। ওই সভা থেকে ১৮ মে এফবিসিসিআই ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।
আগামী অর্থবছর থেকে মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন বাস্তবায়নের ঘোষণা দিয়ে রেখেছে সরকার। নতুন আইন বাস্তবায়িত হলে সব ক্ষেত্রে ১৫ শতাংশ হারে মূসক দিতে হবে। তবে ব্যবসায়ীরা এখন ‘প্যাকেজ’ পদ্ধতিতে মূসক দেন, যেখানে দোকানভেদে থোক হিসেবে মূসক আদায় করা হয়।
প্যাকেজ মূসক পদ্ধতি বহাল রাখার দাবিতে আন্দোলন শুরুর করা হচ্ছে ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরাম নামের একটি সংগঠনের ব্যানারে। ওই সংগঠনটি মাস খানেক আগে গঠন করা হয়। এর সভাপতি মো. আবদুস সালাম, যিনি এফবিসিসিআই ও ঢাকা চেম্বারের সাবেক পরিচালক। সাধারণ সম্পাদক আবু মোতালেব। তিনি এফবিসিসিআইয়ের পরিচালক।
আবু মোতালেব প্রথম আলোকে জানান, তাঁদের দাবি এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যৌথ কমিটির সুপারিশ বাস্তবায়ন করা ও প্যাকেজ মূসক ব্যবস্থা বহাল রাখা। তিনি বলেন, ‘আমাদের দাবি না মানলে আমরা মূসক আইন মানব না।’
আবু মোতালেব দাবি করেন, তাঁদের আন্দোলনের সঙ্গে প্রাথমিকভাবে প্রায় ১০০ পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠন যোগ দেবে। এসব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় ২৫০ জন ব্যবসায়ী নেতাকে ৯ মে অনুষ্ঠিতব্য সভায় নিমন্ত্রণ জানানো হয়েছে। সভাটি হবে লালবাগের সেগুন কমিউনিটি সেন্টারে। সেখানে এফবিসিসিআই ও ঢাকা চেম্বারের পরিচালকদেরও থাকার কথা রয়েছে।
সরকার মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন করেছে ২০১২ সালে। এরপর ২০১৪ সালে গঠিত এনবিআর ও এফবিসিসিআইয়ের একটি যৌথ কমিটি ৩৬ লাখ টাকা পর্যন্ত লেনদেনকারীদের মূসকের আওতার বাইরে রাখা ও উপকরণ রেয়াত গ্রহণে অসমর্থ প্রতিষ্ঠানের ক্ষেত্রে হ্রাস করা হারে মূসক আদায়ের সুপারিশ করে। ওই কমিটির মোট ১০টি সুপারিশ ছিল। ব্যবসায়ীরা বলছেন, এনবিআর ওই সব সুপারিশ এড়িয়ে যাচ্ছে।
মূসক আইন বাস্তবায়নের আগে এসব সুপারিশ বিবেচনায় নিতে গত ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী ও তিন মন্ত্রীকে চিঠি দিয়েছে এফবিসিসিআই। সর্বশেষ গত বুধবার ব্যবসায়ীরা এনবিআরের সঙ্গে একটি বৈঠকে বসেন। এতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, আনিসুল হক ও এ কে আজাদ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, সভায় একজন ব্যবসায়ী নেতা দাবি না মেনে মূসক আইন বাস্তবায়ন করতে গেলে অসন্তোষ তৈরি হতে পারে বলে সতর্ক করে দেন এবং তা মোকাবিলায় এনবিআরকে প্রস্তুত থাকতে বলেন।
জানতে চাইলে এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি ও বর্তমান পরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, দাবি না মানলে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বাড়বে। যে আন্দোলন শুরু হতে যাচ্ছে, তা আরও জোরদার হতে পারে। সে ক্ষেত্রে সরকারের এক পা আগানোর বদলে দুই পা পেছানোর আশঙ্কা থাকবে।