প্যাকেজ মূসক বহাল রাখার পক্ষে বিল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন কার্যকর হলে প্রায় সব পণ্য ও সেবার ওপর ১৫ শতাংশ মূসক আরোপ হবে। প্যাকেজ মূসক উঠে যাবে। তবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্যাকেজ মূসক চালু রাখার বিষয়ে বিভিন্ন চেম্বার সুপারিশ করেছে। বিষয়টি ভেবে দেখা যেতে পারে বলে মত দিয়েছে ব্যবসায়ীদের গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার মূসক আইন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরে বিল্ড।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্যাকেজ ভ্যাটের পক্ষে বলা হয়, এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা কম ও হিসাব সংরক্ষণ তাদের জন্য কঠিন একটি ব্যাপার।
বিল্ড বলছে, নতুন মূসক আইন কার্যকর হলে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। তাতে করে জীবনযাত্রার ব্যয় বাড়তে পারে, যা জিডিপি প্রবৃদ্ধিতে অন্তরায় হতে পারে।
এ ছাড়া সম্পূরক শুল্কের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসছে, যা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করে বিল্ড।
ব্যবসায়ীদের তিন সংগঠন ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার ও চট্টগ্রাম চেম্বারের যৌথ উদ্যোগে ২০১১ সালের ১৭ অক্টোবর যাত্রা শুরু করে বিল্ড। এরপর থেকেই দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প খাতের সমস্যা ও এর সমাধান নিয়ে গবেষণা করে আসছে সংস্থাটি।