প্যাকেজ মূসক বহালের দাবিতে ২৫ মে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনে প্যাকেজ মূসক পদ্ধতি বহাল না রাখলে ২৫ মে এক ঘণ্টা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন করবেন ব্যবসায়ীরা।

আজ শনিবার ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরামের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন হয়। এতে পণ্যভিত্তিক বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

২০১৬-১৭ অর্থবছরের বাজেট থেকে নতুন মূসক আইন বাস্তবায়ন করতে চায় সরকার। ব্যবসায়ীরা সে আইনে বেশ কিছু সংশোধনী চান। ব্যবসায়ীদের প্যাকেজ মূসক ছাড়াও তিনটি দাবি রয়েছে। সেগুলো হলো ক্ষুদ্র ও কুটিরশিল্পে উৎপাদন পর্যায়ে ৩৬ লাখ টাকার ঊর্ধ্বে দেড় কোটি টাকা পর্যন্ত ৩ শতাংশ হারে টার্নওভার কর আরোপ করা, উপকরণ রেয়াত গ্রহণে অসমর্থ প্রতিষ্ঠানের পণ্য বা সেবার ওপরে ৪ শতাংশ হারে মূসক ধরা, ব্যবসায়ী পর্যায়ে তালিকাভুক্তযোগ্য ব্যক্তি যারা নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করে তাদের ওপরে ২ শতাংশ হারে টার্ন ওভার কর পরিশোধের বিধান করা।

ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরামের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবু মোতালেবসহ বেশ কিছু ব্যবসায়ী নেতা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।