
বিদ্যমান প্যাকেজ মূল্য সংযোজন করে (মূসক) আইনগত সমর্থন নেই। ১৯৯১ সালের আইনে একটি অস্পষ্ট ধারণা থেকে প্যাকেজ মূসক প্রচলন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান এ কথা বলেন। সেগুনবাগিচার এনবিআর সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
অনুষ্ঠানে নজিবুর রহমান আরও জানান, মূসক নিয়ে ব্যবসায়ীদের যে মতভেদ আছে, তা নিয়ে এনবিআর কাজ করছে। ইতিমধ্যে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি কার্যদল গঠন করা হয়েছে। শিগগিরই প্রতিবেদন জমা দেবে দলটি। এরপর অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।
আগামী ১ জুলাই থেকে নতুন মূসক আইন কার্যকর হবে। এনবিআরের চেয়ারম্যান বলেন, নতুন আইন নিয়ে ব্যবসায়ীদের মত হলো ১৯৯১ সালের মূসক আইনের চেয়ে নতুন আইনটি অনেক ভালো। নতুন আইনে মূসক কর্মকর্তাদের স্বেচ্ছাচারী ক্ষমতা কমানো হয়েছে। স্বেচ্ছাচারী ক্ষমতা থাকলে কর্মকর্তাদের দুর্নীতির সুযোগ থাকে। অনলাইন ব্যবস্থায় বিবরণী দাখিল ও মূসক পরিশোধের ফলে মূসক কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ থাকবে না। এর ফলে দুর্নীতি থাকবে না।
তুলনামূলক ছোট ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই বছরে এককালীন নির্দিষ্ট পরিমাণ মূসক দিয়ে আসছিলেন। এটা প্যাকেজ মূসক হিসেবে পরিচিত। নতুন মূসক আইনে এ প্যাকেজ মূসক ব্যবস্থা আর থাকবে না। অন্যদিকে গত দুই বছরে প্যাকেজ মূসকের পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় দ্বিগুণ বাড়িয়ে প্যাকেজ মূসকের পরিমাণ ২৮ হাজার টাকা করা হয়। এ নিয়ে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের মতবিরোধ চলছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা ইতিমধ্যে দুই দফা ধর্মঘটও পালন করেছেন। ফের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণাও রয়েছে।
>*আজ থেকে মূসক সপ্তাহ শুরু * কাল জাতীয় মূসক দিবস
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ ডিসেম্বর জাতীয় মূসক দিবস পালন করবে এনবিআর। আর আজ শুক্রবার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মূসক সপ্তাহ পালন করা হবে। এ সপ্তাহে মূসক-সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালাবে এনবিআর। আজ সকাল নয়টায় এনবিআর ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হবে। ১০ ডিসেম্বর রাজধানীতে অভিবাসন-সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে; তাই সেদিন মূসক দিবসের কোনো আনুষ্ঠানিকতা নেই। ১১ ডিসেম্বর মূসক দিবস উপলক্ষে আগারগাঁওয়ে নির্মাণাধীন এনবিআর ভবনে সেমিনারের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ওই অনুষ্ঠানে ব্যবসায়, উৎপাদন ও সেবা ক্যাটাগরিতে তিনটি করে মোট নয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।
এ ছাড়া ১১ ডিসেম্বরের অনুষ্ঠানে মূসক বিষয়ে একটি কল সেন্টারের উদ্বোধন করা হবে। এ কল সেন্টারে ফোন করে যে কেউ মূসক-সংক্রান্ত যেকোনো তথ্য জানতে পারবেন। কল সেন্টারের নম্বর ১৬৫৫৫।
সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান বলেন, সরকার নিজে কিছু ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) কিনবে। মূসকদাতাদের মধ্যে যাঁরা সামর্থ্যবান নন, সরকার তাঁদের কিস্তিতে এই ইসিআর মেশিন দেবে।
এ প্রশ্নের জবাবে এনবিআরের সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন মূসক আইনে অনলাইনে মূসক পরিশোধের ব্যবস্থা থাকায় কর কর্মকর্তাদের সঙ্গে মূসকদাতার দেখা হবে না। এতে বিনিয়োগবান্ধব ও হয়রানিমুক্ত পরিবেশ তৈরি হবে।
ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক ও এনবিআরের সদস্য রেজাউল হাসান বলেন, আগামী জুলাইয়ের আগে অনলাইনে মূসক পরিশোধের সব ব্যবস্থা প্রস্তুত হয়ে যাবে। ইতিমধ্যে বড় ১০৯টি প্রতিষ্ঠানের অনলাইন মূসক নিবন্ধন দেওয়া হয়েছে। অনলাইনে নিবন্ধন নেওয়ার ফলে বিদ্যমান ৮ লাখ ৪০ হাজার নিবন্ধনধারীর সংখ্যা কমে আসবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী জানুয়ারি মাসে দেশের বিভাগীয় শহরে মূসক মেলা আয়োজন করতে যাচ্ছে এনবিআর। এতে স্থানীয় ব্যবসায়ীরা মূসক সম্পর্কে ধারণা পাবেন। এ ছাড়া দেশের বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীদের মূসক-সংক্রান্ত উদ্ভাবনীমূলক প্রতিযোগিতার আয়োজন করা হবে।