প্যাকেজ মূসকের আগের ব্যবস্থা বহাল রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সমন্বয়কারী মো. কামাল হোসেন, গিয়াস উদ্দিন চৌধুরী, আবুল খায়ের, মো. নাসির উল্লাহ, মোহাম্মদ ইকবাল জামাল প্রমুখ। ৪৮টি বাণিজ্য সংগঠনের সমন্বয়ে ঐক্য পরিষদটি গঠিত বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

সদ্য ঘোষিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যবসায়ী পর্যায়ে বছরে ৮০ লাখ টাকার লেনদেন পর্যন্ত প্যাকেজ মূসক দেওয়ার বিধান করেন। তবে প্যাকেজ মূসকের ন্যূনতম পরিমাণ বাড়িয়ে ঢাকা শহরের জন্য ২৮ হাজার টাকা করেন, যা আগে ছিল ১৪ হাজার টাকা। কিন্তু পুরান ঢাকার ব্যবসায়ীদের দাবি, লেনদেনের সীমা তুলে নেওয়া হোক। আর প্যাকেজ মূসকের ন্যূনতম পরিমাণ বৃদ্ধির হার ২০ শতাংশ করা হোক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সমন্বয়কারী গিয়াস উদ্দিন চৌধুরী। তিনি বলেন, মূসক নিয়ে সৃষ্ট জটিলতায় ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে একধরনের অস্থিরতা বিরাজ করছে। এ সংকটের একটি স্থায়ী সমাধান দরকার।

প্যাকেজ মূসকের পরিমাণ ২০ শতাংশের বেশি না বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা গ্রাহকদের কাছ থেকে মূসক আদায় করি না। নিজেদের পকেট থেকে দিই।’

সংবাদ সম্মেলনে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে মূসক রেয়াত সুবিধা নিতে অক্ষম প্রতিষ্ঠানের লেনদেনের ওপর ২০ শতাংশ মূল্য সংযোজন ধরে তার ওপর ১৫ শতাংশ, অর্থাৎ বিক্রয়মূল্যের ওপর ৩ শতাংশ মূসক আরোপের দাবি জানানো হয়।

এ বিষয়ে গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, বেশির ভাগ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানা নিজেরা কাঁচামাল আমদানি করে না। স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে। সে ক্ষেত্রে তারা বিক্রেতার কাছ থেকে রেয়াত নেওয়ার মতো মূসক চালান পায় না। অনেক ক্ষেত্রে তারা ব্যবহৃত পণ্য দিয়ে পুনরায় উৎপাদন করে থাকে।

কর নিয়ে বিরোধে আপিল করার ক্ষেত্রে ৫০ শতাংশ অর্থ আগাম জমা দেওয়ার বিধান বাতিলের দাবি জানায় ঐক্য পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আগেই ৫০ শতাংশ অর্থ জমা দেওয়ার নিয়ম করলে করদাতারা কার্যত আপিলের সুযোগ হারাবেন। তাই আগের নিয়মে জমার হার ১০ শতাংশই রাখা উচিত।

ব্যবসায়ীরা সব সময় কর দিতে আগ্রহী দাবি করে ঐক্য পরিষদের নেতা গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে কর দেওয়ার পথটি কণ্টকাকীর্ণ। ব্যবসায়ীরা এর অবসান চান। তাঁরা সহজ-সরল পদ্ধতিতে মূসক দিতে চান।