ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের প্যাকেজ মূল্য সংযোজন করের (মূসক) পরিমাণ ৫০ শতাংশ বাড়ানো হলো। এর ফলে চলতি অর্থবছর থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানিদের নতুন হারে প্যাকেজ মূসক দিতে হবে।চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে প্যাকেজ মূসক প্রথা প্রত্যাহার করে বিক্রির ওপর ৪ শতাংশ হারে মূসক দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। পরে ব্যবসায়ীদের তীব্র আপত্তির মুখে তা প্রত্যাহার করে সংশোধিত অর্থ আইনে আগের মতো প্যাকেজ মূসক প্রথা বহাল রাখা হয়। তবে প্যাকেজ মূসকের পরিমাণ বাড়িয়ে দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।প্যাকেজ মূসক হলো, যে পরিমাণ বিক্রি হোক না কেন, বছরে একটি নির্দিষ্ট পরিমাণ মূসক দিলেই হবে। আর এবার থেকে বার্ষিক ৭০ লাখ পর্যন্ত টার্নওভার খুচরা বিক্রেতাকে প্যাকেজ মূসকের আওতায় আনা হয়েছে। এই ক্ষুদ্র খুচরা বিক্রেতা চিহ্নিত করবেন এনবিআরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট এলাকার দোকান মালিক সমিতির নেতারা। সাধারণত মুদি দোকান, মিষ্টির দোকান, লন্ড্রি, রেস্টুরেন্টসহ ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীরাই এ প্যাকেজ মূসক দিয়ে থাকেন।নতুন হারে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের জন্য এখন থেকে বছরে নয় হাজার টাকা মূসক দিতে হবে; আগে ছয় হাজার টাকা প্যাকেজ মূসক দিতে হতো। খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকার জন্য সাত হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে; আগে এর পরিমাণ ছিল চার হাজার ৮০০ টাকা।জেলা শহরের পৌর এলাকার ক্ষুদ্র খুচরা ব্যবসায়ীদের এখন থেকে পাঁচ হাজার ৪০০ টাকা প্যাকেজ মূসক দিতে হবে; আগে এর পরিমাণ ছিল তিন হাজার ৬০০ টাকা। আর দেশের অন্যান্য এলাকার ব্যবসায়ীদের জন্য দুই হাজার ৭০০ টাকা দিতে হবে; আগে দিতে হয়েছে এক হাজার ৮০০ টাকা।তবে এসব ক্ষুদ্র খুচরা বিক্রেতা বছরে এককালীন কিংবা মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন। এ ছাড়া মূসক পরিশোধের সুবিধার্থে পণ্য ক্রয়ের দলিলাদি, ক্যাশমেমো ও বিক্রির খাতা সংরক্ষণ করতে হবে।যোগাযোগ করা হলে দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান প্রথম আলোকে বলেন, বিক্রির ওপর মূসক দেওয়ার ব্যবস্থা আরোপিত থাকলে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তা দেওয়া কষ্টকর হয়ে যেত। আর প্যাকেজ মূসক ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারকে অনেক বোঝাতে হয়েছে।আমির হোসেন আরও বলেন, ৫০ শতাংশ বাড়তি প্যাকেজ মূসক দেওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কিছুটা কষ্টকর হলেও দেশের স্বার্থেই সবাইকে তা দেওয়া উচিত।অন্যদিকে এনবিআরের প্রথম সচিব আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘মূসক ব্যবস্থার প্রাণ হলো উপকরণ কর-রেয়াত ব্যবস্থা। উপকরণ কর-রেয়াত ব্যবস্থা মূসকযোগ্য সব অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর প্রয়োগ করা না গেলে মানসম্মত মূসক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে না।’ তিনি প্যাকেজ মূসক ব্যবস্থা থেকে বেরিয়ে আসা উচিত বলে মনে করেন।দোকান মালিক সমিতি সূত্রে জানা গেছে, সারা দেশে এক লাখের বেশি ক্ষুদ্র খুচরা ব্যবসায়ী বা দোকানি রয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় প্রায় ৮০ হাজার ক্ষুদ্র খুচরা ব্যবসায়ী রয়েছেন।