আয়কর, মূসক ও আমদানি শুল্ক প্রস্তাবের বেশ কিছু সংশোধন চেয়ে এনবিআরকে চিঠি
প্যাকেজ মূসকের বদলে নতুন প্রস্তাব এফবিসিসিআইয়ের
মূল্য সংযোজন কর (মূসক) আইনে প্যাকেজ মূসক স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার দাবি থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) এক প্রস্তাবে প্যাকেজ মূসকের পরিবর্তে লেনদেন করই মেনে নেওয়া হয়েছে। তবে করের হার কমানো ও লেনদেনের সীমা বাড়িয়ে দেওয়ার দাবি করেছে সংগঠনটি।
আগামী অর্থবছরের বাজেটের মূসক-সংক্রান্ত প্রস্তাবের ক্ষেত্রে বেশ কিছু সংশোধন চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেওয়া এফবিসিসিআইয়ের এক চিঠিতে নতুন এ প্রস্তাব দেওয়া হয়। এর পক্ষে সায় আছে ব্যবসায়ী ঐক্য ফোরামেরও। অথচ এত দিন ব্যবসায়ীদের পক্ষ থেকে প্যাকেজ মূসকেরই দাবি জানানো হয়েছিল। ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত নতুন মূসক আইন বাস্তবায়ন পিছিয়ে যায়।
জানতে চাইলে ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি আবু মোতালেব বলেন, প্যাকেজ মূসক-ব্যবস্থা নতুন মূসক আইনে নেই। তাই আইনের ভেতরে থেকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা যেমন স্বস্তিতে থাকবেন, সরকারেরও রাজস্ব বাড়বে।
নতুন প্রস্তাবে লেনদেনের পরিমাণ ৮০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা ও এর ওপর শূন্য দশমিক ৫ শতাংশ লেনদেন কর আরোপের দাবি করেছে সংগঠনটি। প্রস্তাবে বলা হয়েছে, লেনদেনের পরিমাণ আয়কর বিভাগের বিগত বছরের অনুমোদিত পরিমাণের চেয়ে কম হবে না। এ প্রক্রিয়ায় যথাযথভাবে মূসক পরিশোধ করলে ব্যবসায়ীর হিসাব বই ও অন্য খাতাপত্র তলব বা জব্দ করা যাবে না।
যদিও ব্যবসায়ীদের দাবির মুখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বছরে ৮০ লাখ লেনদেন সীমা পর্যন্ত প্যাকেজ মূসক বহাল রাখেন, তবে পরিমাণ দ্বিগুণ করে দেন।
এদিকে বাজেট পাসের আগে ব্যবসায়ীদের বেশ কিছু প্রস্তাব বিবেচনার আহ্বান জানিয়ে ১৯ জুন এনবিআরের চেয়ারম্যানকে চিঠি দেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
আয়কর-সংক্রান্ত প্রস্তাব: এফবিসিসিআইয়ের নতুন প্রস্তাবে ব্যক্তির করমুক্ত আয়সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা, পোশাকশিল্পের করপোরেট করের হার ১০ শতাংশ, রপ্তানি খাতের উৎসে কর শূন্য দশমিক ৬ শতাংশ ও হিমাগারের আয়কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা এবং কোম্পানির লাভ ও লোকসান ছাড়া মোট প্রাপ্তির ওপর করের হার শূন্য দশমিক ৩ শতাংশ বহাল রাখার দাবি করা হয়।
এ ছাড়া সরবরাহকারীর আওতা থেকে বৃহৎ শিল্প গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানকে বাদ দেওয়া, আয়করের ক্ষেত্রে প্রস্তাবিত বিনিয়োগের সীমা ও আয়কর রেয়াতের হার এবং নিট পরিসম্পদের ওপর সারচার্জ বৃদ্ধি-সংক্রান্ত প্রস্তাব ২০১৭-২০১৮ কর বছর থেকে চালু, বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবা লেনদেনের বিপরীতে উৎস করের হার বাতিল বা অনধিক ৫ শতাংশ করা এবং কোম্পানির পরিবেশকের কমিশনের হার অনধিক ৫ শতাংশ ধরে উৎসে কর ৩ শতাংশ রাখার দাবি জানানো হয়েছে।
মূসক-সংক্রান্ত প্রস্তাব: কর বিরোধ নিয়ে আপিলের ক্ষেত্রে জমার হার ৫০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ রাখার দাবি জানানো হয়েছে। এফবিসিসিআই বলেছে, ৫০ শতাংশ অর্থ আগে জমা দিতে হলে করদাতারা কার্যত আপিলের সুযোগ থেকে বঞ্চিত হবেন।
এ ছাড়া কেজিপ্রতি ১০০ টাকা মূল্যমানের রুটি, কেক ও বিস্কুট, ১২০ টাকা মূল্যমান পর্যন্ত প্লাস্টিকের পাদুকা ও হাওয়াই চপ্পল, পাওয়ার লুমসহ হস্তচালিত লুমে তৈরি গামছা, লুঙ্গি, বিছানার চাদর ও চাদর ইত্যাদি পণ্যকে মূসক অব্যাহতি সুবিধা দেওয়া এবং বিভিন্ন সেবার ক্ষেত্রে রেয়াতি হারে ১ থেকে ৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করেছে সংগঠনটি।
আমদানি শুল্ক সম্পর্কিত প্রস্তাব: এবারের বাজেটে বিভিন্ন পণ্য আমদানিতে ন্যূনতম শুল্কায়নযোগ্য মূল্য ঠিক করে দেওয়া হয়েছে। এফবিসিসিআই এর পরিবর্তে নির্দিষ্ট শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে।