পবিত্র শবে বরাত ও রমজান মাস সামনে রেখে রাষ্ট্রমালিকানাধীন চিনিকলগুলোতে উৎপাদিত চিনি প্যাকেটজাত করে বাজারে বিক্রি করবে এসব চিনিকল পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি)।
এক কেজি ও দুই কেজির প্যাকেটে ভরে এসব চিনি বিক্রি হবে। এক কেজির প্যাকেট ৪৬ টাকা ও দুই কেজির প্যাকেট ৯০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। তবে চিনি করপোরেশনের ঢাকার মতিঝিলের প্রধান কার্যালয়ের নিচতলার বিক্রয়কেন্দ্রে এক কেজির প্যাকেট ৪২ ও দুই কেজির প্যাকেট ৮৩ টাকায় বিক্রি করা হবে।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এ সংস্থাটির প্যাকেটজাত চিনি আজ বৃহস্পতিবার থেকে বাজারে পাওয়া যাবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএসএফআইসির চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা ঠিকমতো বিপণন করতে না পারার কারণে ভোক্তাদের মধ্যে আমাদের চিনির চাহিদা থাকলেও তাঁরা এত দিন তা পেতেন না। এত দিন আমাদের কাছ থেকে চিনি কিনে কেউ কেউ প্যাকেটজাত করে বিক্রি করেছে। ভোক্তাদের কথা মাথায় রেখে এখন আমরাই প্যাকেটজাত চিনি বিক্রির উদ্যোগ নিয়েছি।’
দেলোয়ার হোসেন আরও জানান, শুধু রমজান নয়, ভোক্তারা এখন থেকে সারা বছরই এই প্যাকেটজাত চিনি পাবেন।
চিনি করপোরেশন সূত্র বলছে, গতকাল বুধবার পর্যন্ত দেশের ১৫টি রাষ্ট্রায়ত্ত চিনিকলে মজুত আছে ১ লাখ ৫৩ হাজার ৬০০ টন চিনি। এর মধ্যে চলতি ২০১৪-১৫ আখমাড়াই মৌসুমে উৎপাদিত চিনির মজুত হচ্ছে ৭৭ হাজার ৪৫০ টন। বাকি চিনি আগের কয়েকটি মৌসুমে উৎপাদিত। তিন বছরের পুরোনো চিনিও এখনো কয়েকটি চিনিকলের গুদামে জমা রয়েছে। সরকারি এই চিনি মিলগেটে প্রতি কেজি ৩৭ টাকা দরে বিক্রি হয়। কিন্তু ডিলাররা এ চিনি তোলেন না। ফলে চিনির এই বিপুল মজুত জমেছে।
করপোরেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে জানান, তাঁদের চিনির মান ভালো, সাধারণ মানুষের মধ্যে চাহিদাও বেশ। কিন্তু ডিলাররা এই চিনি তোলেন না বলে বিক্রি ব্যাপকভাবে কমে গেছে।
সূত্র বলছে, চিনি বিক্রি না হওয়ায় বেশ কয়েকটি চিনিকল কর্তৃপক্ষ দু-তিন মাস ধরে শ্রমিক-কর্মচারীদের বেতন দিতে পারছেন না। এর পরিবর্তে তাঁদের বেতনের সমপরিমাণ টাকার চিনি দিয়ে দেওয়া হচ্ছে। সেই চিনি স্থানীয় বাজারে কম দামে বিক্রি করেই এখন চলছেন তাঁরা।
প্যাকেটজাত চিনি আদৌ কতটা বিক্রি হবে, জানতে চাইলে চিনিকল করপোরেশনের চেয়ারম্যান বলেন, এই কার্যক্রম শুরু হলে চিনির বিক্রি অনেক বাড়বে।
জানা গেছে, এক কেজির প্যাকেটজাত চিনি এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। দু-তিন দিন ধরে এই চিনি করপোরেশনের প্রধান কার্যালয়ের নিচতলায় বিক্রিও হচ্ছে। তবে দুই কেজির ওজনের প্যাকেটজাত চিনিটা ঢাকায় আসতে আরও দু-তিন দিন লাগবে।
রাজধানীর বিভিন্ন বাজারে ও দোকানে এ প্যাকেটজাত চিনি ছড়িয়ে দিতে এরই মধ্যে চিনি করপোরেশন ২৮ জন বিক্রয় প্রতিনিধি নিয়োগ দিয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের ২০ জন টেরিটরি কর্মকর্তাকেও এ কার্যক্রমে যুক্ত করা হয়েছে।