প্রকল্প অনুমোদন হলেও পরিচালক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাপে পড়লেই উদ্ধার যন্ত্রপাতি কেনায় উত্সাহ বাড়ে
চাপে পড়লেই উদ্ধার যন্ত্রপাতি কেনায় উত্সাহ বাড়ে

রানা প্লাজা ধসের পর উদ্ধার যন্ত্রপাতি কেনার জন্য আবারও প্রকল্প নিয়েছে সরকার। কিন্তু তাড়াহুড়া করে প্রকল্প পাস হলেও দেরি হচ্ছে কাজ শুরু করতে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্প পাসের দেড় মাস পরও প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়নি। ফলে যন্ত্রপাতি কেনার জন্য দরপত্র আহ্বান করা যাচ্ছে না। ইতিমধ্যে অধিদপ্তর থেকে প্রকল্প পরিচালক নিয়োগ করার জন্য তাগিদ দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
রানা প্লাজা ধসের পর পর্যাপ্ত উদ্ধার যন্ত্রপাতির অভাব পরিলক্ষিত হয়। এরপরই তড়িঘড়ি করে গত ১৮ জুন অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৫৯ কোটি টাকার উদ্ধার যন্ত্রপাতি কেনার জন্য দ্বিতীয় পর্যায়ের প্রকল্প অনুমোদন দেয়। যদিও প্রায় আড়াই বছর আগে ২০১০ সালের ডিসেম্বর মাসে এই প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে জমা দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
স্পেকট্রাম, ফিনিক্স গার্মেন্টের দুর্ঘটনার পর উদ্ধারকাজে সরকারের করণীয় সম্পর্কে ২০০৮ সালে উচ্চ আদালতে একটি রিট হয়। সেই রিটের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২৯ জুলাই সরকারকে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার নির্দেশনা দেন আদালত। প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে সে সময় উদ্ধার যন্ত্রপাতির তালিকা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই তালিকা অনুযায়ী প্রথম পর্যায়ে উদ্ধার যন্ত্রপাতি কেনা শুরু হয়। তখন ৬৯ কোটি টাকার যন্ত্রপাতি কেনার কথা থাকলেও প্রায় সাড়ে সাত কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়নি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) চন্দ্র নাথ বসাক প্রথম আলোকে বলেন, প্রকল্প পরিচালক নিয়োগ না হওয়ায় দ্বিতীয় পর্যায়ের দরপত্র আহ্বান করা যাচ্ছে না। আশা করি, শিগগিরই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় পরিচালক নিয়োগ করবে।
জামিলুর রেজা চৌধুরী কমিটির সুপারিশ করা অনেক যন্ত্রপাতি প্রকল্পে অন্তর্ভুক্ত না করার অভিযোগ সম্পর্কে তিনি জানান, সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিসের চাহিদামোতাবেক এসব যন্ত্রপাতি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কিছু করার থাকে না।
যা কেনা হবে: প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৩০ ধরনের চার হাজার ৪৯৩টি যন্ত্রপাতি ও সামগ্রী কেনা হবে। এর মধ্যে সবচেয়ে দামি যন্ত্র হলো শ্নোর্কেল, যা দিয়ে ডুবন্ত অবস্থায় নিঃশ্বাস নেওয়া যাবে। একটি শ্নোর্কেলের দাম পড়বে সাত কোটি টাকা।
এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য কেনা হবে দুটি স্বয়ংক্রিয় মই, একটি বহু ব্যবহার্য যান, ৩৯টি জলীয়বাষ্প নিষ্কাশনযন্ত্র, উদ্ধার পিকআপ যান, ৫০০ চার্জার বাতি, ২০০০ বডি ব্যাগ, ৫০০ গ্যাস মাস্ক, ১৫টি অনুসন্ধান ক্যামেরা।
আর সশস্ত্র বাহিনীর জন্য কেনা হবে দুটি করে হাইড্রোলিক ব্রেকার, ক্রাশার ও কাটার, ৩৫০ জোড়া বিশেষ নিরাপত্তা জুতা, আটটি করে বাতাস নির্গমক, হাইড্রোলিক স্প্রেডার, র‌্যাম জ্যাক, কাটার সেট ও এয়ারলিফটিং ব্যাগ, পানির মধ্যে অনুসন্ধানযন্ত্র, খাবার সরবরাহের যন্ত্রপাতি ইত্যাদি।