প্রকল্প আটকে দিলেন প্রতিমন্ত্রী
রাষ্ট্রমালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এমওটিএন শীর্ষক প্রকল্পের ডিপিপি বা প্রকল্প প্রস্তাবনা আটকে দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রকল্প প্রস্তাব প্রক্রিয়াকরণে অনিয়মের সুরাহা না হওয়া পর্যন্ত এটি অনুমোদনের জন্য পাঠানো হবে না বলে প্রথম আলোকে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তারানা হালিম গত রোববার প্রথম আলোকে বলেন, ‘পত্রিকায় প্রতিবেদন দেখে বিটিসিএলের এমওটিএন প্রকল্পটির কিছু বিষয়ে জানতে চেয়ে আমি বিষয়টি আপাতত আটকে দিয়েছি। এসবের উত্তর আসবে, সেগুলোতে সন্তুষ্ট হতে হবে, তারপর এই প্রকল্প হবে। একই সঙ্গে প্রকল্পটির অনিয়মের বিষয়ে কেন তদন্ত হবে না, সেটিও জানতে চেয়েছি।’
প্রথম আলোতে গত রোববার ‘ডিজিটাল সংযোগ বাড়াতে টেলিযোগাযোগ অবকাঠামোর আধুনিকীকরণ (এমওটিএন)’ শীর্ষক প্রকল্পের অনিয়মের বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের তথ্য আমলে নিয়ে ওই দিনই ডাক ও টেলিযোগাযোগসচিব ফয়জুর রহমান চৌধুরীসহ বিটিসিএলের প্রকল্প সংশ্লিষ্টদের কারণ দর্শাতে একটি চিঠি পাঠিয়েছেন তারানা হালিম।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে জানা গেছে, চিঠিতে যেসব প্রশ্ন করা হয়েছে, তার প্রথমেই আছে প্রকল্পটির মাধ্যমে সরকারের ৮০০ কোটি টাকা আসলেই বেশি খরচ হচ্ছে কি না। এ ছাড়া চিঠিতে অন্য প্রতিষ্ঠানের প্রস্তাব বাতিলের কারণ, সীমিত পরিসর পদ্ধতিতে দরপত্র আহ্বানের সুযোগ, প্রকল্পের যন্ত্রপাতির মূল্য চড়া দামে নির্ধারণ, প্রধানমন্ত্রীর নির্দেশনা লঙ্ঘন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে চুক্তি করার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।
তারানা হালিম আরও বলেন, ‘বিটিসিএলের বোর্ড সভায় আলোচনা করে প্রতিটি প্রশ্নের পূর্ণাঙ্গ জবাব দিতে হবে। তার পরে এই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে।’