প্রকল্প ঋণের সঙ্গে চলতি মূলধন ঋণ চেয়েছে বিএসটিএমপিআইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) সভাপতি শরীফ এম আফজাল হোসেনের নেতৃত্বে সমিতির পরিচালনা পর্ষদ গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে মতবিনিময় করে। সভায় বিএসটিএমপিআইএর সভাপতি তৈরি পোশাকশিল্পের পশ্চাত্সংযোগ শিল্প বস্ত্রবয়ন উইভিং শিল্পের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি দেশের বস্ত্র খাতের পিছিয়ে পড়া উইভিং উপখাতের সমস্যাসমূহ দূরীকরণ এবং এ উপখাতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ অনুপাত ৫০: ৫০-এর স্থলে ৮০: ২০ করার দাবি জানান। তিনি প্রকল্প ঋণের সঙ্গে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণের ব্যবস্থা রাখা, উইভিং উপখাতে তথ্যপ্রযুক্তি ও কৃষি খাতের মতো ইইএফ ফান্ডের মাধ্যমে বিনা সুদে বিনিয়োগের সুযোগ দেওয়া এবং দেশীয় ওভেন বস্ত্রের দ্বারা তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নগদ ভর্তুকির পরিমাণ পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা এবং সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার দাবি জানান। সভায় দেনা পরিশোধে ব্যর্থ বস্ত্রবয়ন শিল্পগুলোকে আর্থিক পুনরুদ্ধার কর্মসূচির আওতায় ব্যাংকঋণ পরিশোধের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়। সভায় বিএসটিএমপিআইএর পরিচালকদের মধ্যে আব্দুস সাত্তার, কাজী রফিকুল আলম, ফয়েজ উদ্দিন আহমদ, আবু সাঈদ মিয়া, মো. সালাহউদ্দিন আহমেদ, শেখ আবদুল হাকিম, আবু তাহের চৌধুরী, সুলতান আহমেদ, মো. আব্দুল্লাহ, আতিক উল্লাহ, মোকাদ্দেস হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।