প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে শিগগিরই নতুন নির্দেশিকা হচ্ছে। এখন থেকে প্রকল্প পরিচালককে বাধ্যতামূলকভাবে প্রকল্প এলাকায় থাকতে হবে। এ জন্য প্রকল্প প্রস্তাবনায় পরিচালকের আবাসনের জন্য পৃথক বরাদ্দ রাখতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সাক্ষাৎকার নিয়ে প্রকল্প পরিচালক নিয়োগ দিতে হবে। প্রকল্পের বিষয়বস্তু সম্পর্কে পড়াশোনা ও অভিজ্ঞতা থাকলেই কেবল প্রকল্প পরিচালকের পদ মিলবে। একই সঙ্গে যাঁরা প্রকল্প পরিচালক হিসেবে বর্তমানে নিযুক্ত আছেন, তাঁদের যোগ্যতাও খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রকল্প বাস্তবায়ন ও কৌশল নিয়ে সব মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভায় এ সিদ্ধান্ত হয়। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবেরা প্রকল্প বাস্তবায়নের সমস্যা তুলে ধরেন। জমি অধিগ্রহণ-সংক্রান্ত সমস্যার কারণে প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন করা যায় না। এটাই প্রকল্প বাস্তবায়নে প্রধান সমস্যা বলে সংশ্লিষ্টদের অনেকে মত দেন। সভায় সিদ্ধান্ত হয়, জমি-সংক্রান্ত জটিলতা শেষ করেই এখন থেকে প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠাতে হবে।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রকল্প পরিচালকেরা প্রকল্পের প্রাণ। তাঁদের জন্যই মূলত প্রকল্প যথাসময়ে শেষ হয় না। তাঁরা আন্তরিক হলে প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত হবে।
যেসব প্রকল্প পরিচালক প্রকল্প এলাকায় অবস্থান করছেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রকল্প এলাকা হলো কুমিল্লা, কিন্তু পরিচালক থাকেন ঢাকায়। এ জন্য প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। প্রকল্প পরিচালককে অবশ্যই প্রকল্প এলাকায় থাকতে হবে। থাকার ব্যবস্থা না থাকলে আমরা তা করে দেব।’
পরিকল্পনামন্ত্রী আরও জানান, এডিপির ১৪০ থেকে ২০০টি প্রকল্প রয়েছে, যেগুলোর কার্যকারিতা নেই। ৫ থেকে ১০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। বছরের পর বছর এডিপিতে রয়েছে, এসব প্রকল্প বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নে বেশ কিছু কৌশল নির্ধারণ করা হয়েছে।