বাংলাদেশের যেসব এলাকায় জাপানি অর্থায়নে প্রকল্প চলমান, সেসব এলাকায় বিশেষ নিরাপত্তা চেয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে।
সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে তিনি এ নিরাপত্তা চান। বৈঠক শেষে জাপানি রাষ্ট্রদূত কোনো কথা বলতে চাননি।
অর্থমন্ত্রী বলেন, ‘তাদের (জাপান) প্রকল্পের কাজ যেসব এলাকায় রয়েছে, সেসব এলাকায় নিরাপত্তা চেয়েছেন রাষ্ট্রদূত। চিন্তা করছি, কী করা যায়।’
অর্থমন্ত্রী বলেন, ‘জাপান আমাদের পরীক্ষিত বন্ধু। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের সহযোগিতা চিরদিন মনে রাখার মতো।’
দেশে সম্প্রতি বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং গুলশানে জঙ্গি হামলায় কয়েকজন জাপানিকে হত্যা করা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এটা ছিল টার্গেট হত্যাকাণ্ড, যাতে জাপানিরা বর্তমান সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু হয়েছে তার বিপরীত। জাপান বাংলাদেশে তাদের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
বিদেশি অর্থায়নে পরিচালিত সব প্রকল্প অঞ্চলেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে শিগগির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক করব।’
পদ্মা সেতু প্রকল্প এলাকায় ইতিমধ্যে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে বলেও জানান মুহিত। অর্থমন্ত্রী আরও জানান, আগামী অক্টোবরে চীনের প্রেসিডেন্ট (শি জিন পিং) বাংলাদেশ সফরে আসছেন।
দেশের সার্বিক নিরাপত্তাব্যবস্থার কী হবে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সার্বিক নিরাপত্তাব্যবস্থা ঠিকই আছে। প্রতিটি থানায় সন্দেহভাজন ব্যক্তিদের তালিকা আছে। সে অনুযায়ী কাজ চলছে। অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, তিনি জাপানের রাষ্ট্রদূতকে তাঁদের দেশের যেসব নাগরিক বাংলাদেশে কাজ করছেন, তাঁদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন।
বিশেষ তহবিল চায় উইমেন চেম্বার: জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। সংগঠনের সভাপতি সেলিমা আহমাদ এতে নেতৃত্ব দেন।
নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে অর্থমন্ত্রীর কাছে ২৫ কোটি টাকার বিশেষ তহবিল (এনডাওমেন্ট ফান্ড) এবং সরকারি দরপত্র প্রক্রিয়ায় নারীদের জন্য ১০ শতাংশ কোটা চান সেলিমা আহমাদ। বিশেষ তহবিল পাওয়া গেলে এই টাকা ব্যাংকে এফডিআর বা স্থায়ী আমানত রাখা হবে বলে আশ্বাস দেন তিনি।
টাকার লভ্যাংশ থেকে বিডব্লিউসিসিআইয়ের প্রধান কার্যালয়, গাজীপুরের নারী উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র, হোস্টেলসহ আটটি বিভাগীয় কার্যালয় পরিচালনায় ব্যয় করার চিন্তার কথাও জানান সেলিমা আহমাদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি হাসিনা নেওয়াজ, সহসভাপতি সেলিনা কাদের, সাবেক সভাপতি সঙ্গীতা আহমেদ, সিলেটের নুরুন্নাহার বেবী, গাজীপুরের জিমি পারভীন প্রমুখ।
নারীদের জন্য দরপত্র প্রক্রিয়ায় ১০ শতাংশ কোটা নির্ধারণ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এটা কঠিন বিষয়।
জয়িতা (মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের একটি উদ্যোগ) তাহলে কী করছে—বিডব্লিউসিসিআইয়ের নেতাদের উদ্দেশ্য জানতে চাইলে জবাব দেন সেলিমা আহমাদ। তিনি বলেন, ‘জয়িতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা তো লোকসানি। সরকারের সহযোগিতায় চলে।’
জয়িতার ব্যবস্থাপনার দায়িত্ব বিডব্লিউসিসিআইয়ের ওপর ছেড়ে দেওয়ার দাবিও জানান সেলিমা।
সব দাবি শুনে অর্থমন্ত্রী বলেন, ‘দেখি কী করা যায়।’