প্রকল্প তৈরির আগে নিশ্চিত করতে হবে স্থান ও জমি

মন্ত্রণালয়গুলো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিয়মনীতির তোয়াক্কা করছে না, তাই জটিলতা সৃষ্টি হচ্ছে। নিয়ম মানতে সব মন্ত্রণালয়কে চিঠি দিল আইএমইডি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো উন্নয়ন প্রকল্প তৈরির আগে এর স্থান নির্বাচন ও জমি প্রাপ্তি চূড়ান্ত করা অপরিহার্য। কিন্তু এ নিয়ম মানছে না মন্ত্রণালয়গুলো। তাই প্রকল্প নেওয়ার পরে জমি অধিগ্রহণ করতে গিয়ে তারা জটিলতায় পড়ে। সে জন্য নিয়মটি যথাযথভাবে মেনে চলার বিষয়ে পদক্ষেপ নিতে সব মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।

উন্নয়ন প্রকল্প নজরদারির দায়িত্বে থাকা সরকারের একমাত্র সংস্থাটি ১৩ জানুয়ারি সচিবদের এই চিঠি দেয়। চিঠিতে বলা হয়েছে, জমি অধিগ্রহণের প্রস্তুতি না নিয়ে প্রকল্প তৈরি করে তা অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যে কারণে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দিচ্ছে স্থানীয় লোকজনের সঙ্গে। এ জন্য প্রকল্প বাস্তবায়নের সময় ও খরচ—দুটিই বাড়ছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সব সচিবকে আহ্বান জানানো হয়েছে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমস্যাগুলো কী, তা আমরা সবাই জানি। আমরা শুধু মন্ত্রণালয়গুলোকে নিয়ম অনুসরণের কথা স্মরণ করিয়ে দিয়েছি। প্রকল্পগুলো বাস্তবায়নে আরও মনোযোগী হতে বলেছি।
আবু হেনা মোরশেদ জামান, সচিব, আইএমইডি

জমির প্রাপ্তি নিশ্চিত হওয়ার আগেই যে প্রকল্প অনুমোদন হয়ে যায়, তার একটি উদাহরণ হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) রাসায়নিক শিল্পকারখানা স্থানান্তর প্রকল্পটি। ২০১০ সালে রাজধানীর নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২৪ জনের প্রাণহানির পর ঢাকা থেকে সব রাসায়নিক গুদাম কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় বিসিক। জমির প্রাপ্যতা নিশ্চিত হওয়ার আগেই ২০১ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনও পেয়ে যায়। পরে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে সরকারি কর্মকর্তারা টের পেলেন ৫০ একর জমি পাওয়া যাবে না। শেষ পর্যন্ত প্রকল্পের ব্যয় আট গুণ বাড়িয়ে কেরানীগঞ্জের পরিবর্তে মুন্সিগঞ্জে স্থানান্তর করা হয়। এতে সময় যেমন বাড়ল, তেমনি ব্যয়ও।

দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোথায় কোথায় সমস্যা, তা চিহ্নিত করে পরিকল্পনা মন্ত্রণালয় অনেক আগেই একটি তালিকা তৈরি করেছে। ইতিপূর্বে আইএমইডিতে দায়িত্ব পালন করে যাওয়া সচিবদের অনেকেই সময়ে সময়ে সব মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ ধরনের সমস্যা সমাধানের তাগিদ দিয়েছিলেন। কিন্তু সমাধানের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই কোনো সুফল মেলেনি। এবারের চিঠিতে কী হয়, সেটি এখন দেখার অপেক্ষা।

জানতে চাইলে আইএমইডি সচিব আবু হেনা মোরশেদ জামান প্রথম আলোকে বলেন, ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমস্যাগুলো কী, তা আমরা সবাই জানি। আমরা শুধু মন্ত্রণালয়গুলোকে নিয়ম অনুসরণের কথা স্মরণ করিয়ে দিয়েছি। প্রকল্পগুলো বাস্তবায়নে আরও মনোযোগী হতে বলেছি।’ আইএমইডি সচিব আরও বলেন, মন্ত্রণালয়গুলো ভালো কাজ করে। কিন্তু তাদের আরও ভালো করার সুযোগ আছে।

আইএমইডি থেকে সচিবদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী ২৫ কোটি টাকার ঊর্ধ্বে কোনো প্রকল্প নিলে তৃতীয় পক্ষকে দিয়ে তার একটি সমীক্ষা করা বাধ্যতামূলক। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এ নিয়ম মানছে না কেউ। প্রকল্প অনুমোদনের পর শুরু হয় পণ্য ও উপকরণ কেনার প্রস্তুতি। কিন্তু দেখা গেছে, মন্ত্রণালয়গুলোর সঠিক ক্রয় পরিকল্পনা থাকে না। এ কারণে কেনাকাটা করতে গিয়ে সময়ের অপচয় হয়।

আইএমইডি বলছে, বাংলাদেশে পরিবেশের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রকল্প নিলে সেটি পরিবেশের জন্য কতটা প্রভাবক হতে পারে, তা যথাযথ সমীক্ষার মাধ্যমে চিহ্নিত করার কথা। পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নেওয়া আবশ্যক। কিন্তু এ নিয়মও অনুসরণ করা হচ্ছে না।

আইএমইডি বলছে, উন্নয়ন প্রকল্পে পরিচালক (পিডি) নিয়োগের ক্ষেত্রে সরকারের একটি পরিপত্র আছে। সেখানে পিডির যোগ্যতা ও দক্ষতার বিষয় স্পষ্ট করে বলা আছে। প্রকল্পে দক্ষ ও যোগ্য পূর্ণকালীন পিডি নিয়োগ দেওয়ার কথা। কিন্তু এটিও কার্যকর হচ্ছে না। ঘন ঘন পিডি বদলিও প্রকল্পে গতি কমে যাওয়ার অন্যতম কারণ।

সংস্থাটি মনে করে, টেন্ডার ডকুমেন্ট ও কাঠামোগত নকশা তৈরিতে অনেক সময়ক্ষেপণ করা হয়। এ সময় আরও কমিয়ে আনার সুযোগ রয়েছে। এ বিষয়ে সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকেও আরও নজরদারি করা প্রয়োজন। প্রতিবছর বাজেটে একটি প্রকল্পে যতটুকু টাকা বরাদ্দ দেওয়া প্রয়োজন, ততটুকু দেওয়া হয় না। যার ফলে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হয় না। সরকারের মধ্যমেয়াদি বাজেট কাঠামোর (এমটিবিএফ) আওতায় বাজেট পাওয়া নিশ্চিত না হয়ে প্রকল্প অনুমোদন থেকে বিরত থাকা উচিত বলেও মত দিয়েছে আইএমইডি।

এর আগে ২০১৮ সালে তৎকালীন আইএমইডি সচিব মফিজুল ইসলামও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সব মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু গত চার বছরে কিছুই বাস্তবায়িত হয়নি। এমনকি সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ২৫টি সমস্যা চিহ্নিত করে তা সরকারের সর্বোচ্চ ফোরামেও তোলা হয়। তাতেও সুফল মেলেনি।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অন্য যেসব সমস্যা দেখা দেয়, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—সরকারের এক দপ্তরের সঙ্গে আরেক দপ্তরের সমন্বয়হীনতা, দক্ষ জনবলের অভাব, ঠিকাদারদের স্বেচ্ছাচারিতা ও উন্নয়ন সহযোগীদের খামখেয়ালি আচরণ।