প্রকল্প নজরদারিতে প্রয়োজন নাগরিক সমাজের সম্পৃক্ততা
সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি আনতে নাগরিকদের সম্পৃক্ত করার তাগিদ দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে স্থানীয় নাগরিকদের নিয়ে কমিটি গঠন করা যেতে পারে। তবে স্থানীয় রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে উপযুক্ত ব্যক্তিদের নিয়ে এ কমিটি গঠন করতে হবে। এর ফলে উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার বিষয়টি নজরদারি করা যাবে।
গতকাল বৃহস্পতিবার ‘নাগরিকদের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ সেমিনার যৌথভাবে আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।
>জনগণের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। জনসম্পৃক্ততা সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি তৈরি করতে পারে
জাফরুল ইসলাম বিশ্বব্যাংকের কেনাকাটা বিশেষজ্ঞ
আমরা জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণই ঠিক করে দেবে তারা কী চায় এবং কীভাবে চায়
ফারুক হোসেন মহাপরিচালক, সিপিটিইউ
সেমিনারের মূল নিবন্ধে বিআইজিডির গবেষণা ফেলো মির্জা এম হাসান উন্নয়ন প্রকল্পে নাগরিক সম্পৃক্ততা নিয়ে পাইলটভিত্তিক প্রকল্পের ফলাফল তুলে ধরেন।
সেমিনারের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, জনগণের অর্থ কোন খাতে কী উপায়ে ব্যয় করা হচ্ছে তা জানার ও দেখার অধিকার জনগণের রয়েছে। প্রায়ই দেখা যায়, রাস্তাঘাট, সেতু নির্মাণের কিছুদিন পরই সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, শিগগিরই উন্নয়ন প্রকল্পে কীভাবে নাগরিকদের সম্পৃক্ত করা যায়, তা নিয়ে একটি নীতিমালা তৈরি করা হবে।
বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের কেনাকাটা বিশেষজ্ঞ জাফরুল ইসলাম বলেন, জনগণের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। জনসম্পৃক্ততা সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি তৈরি করতে পারে। নাগরিক সমাজ নিজেদের স্বার্থেই প্রকল্প তদারকির বিষয়টি দেখতে পারে।
বিআইজিডির নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান মনে করেন, জনগণকে সম্পৃক্ত করা গেলে প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন প্রক্রিয়াকে শক্তিশালী করা সম্ভব।
সিপিটিইউর মহাপরিচালক ফারুক হোসেন বলেন, ‘আমরা জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণই ঠিক করে দেবে তারা কী চায় এবং কীভাবে চায়।’