প্রকল্প পরিচালক বদলের খবর পায় না পরিকল্পনা কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কলকারখানা পরিদর্শন কার্যক্রম আরও গতিশীল করতে ২০১৩ সালের জানুয়ারি মাসে একটি প্রকল্প নেওয়া হয়। ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আধুনিকায়ন ও শক্তিশালীকরণ এবং নয়টি জেলা কার্যালয় স্থাপন’ শিরোনামের এ প্রকল্পের ব্যয় ধরা হয় ২৪ কোটি ৮২ লাখ টাকা। প্রকল্পটি ২০১৪ সালের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা।
কিন্তু গত জুন মাস পর্যন্ত মাত্র সাড়ে তিন কোটি টাকা খরচ হয়েছে। এমন অবস্থায় প্রকল্পের ব্যয় ও মেয়াদকাল বৃদ্ধি করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এমন অবস্থায় গত ১৮ নভেম্বর প্রকল্পটি সংশোধন করে অনুমোদন করা হয়। এতে তিন গুণ ব্যয় বেড়ে সাড়ে ৭২ কোটি টাকা হয়েছে। আর সময় বাড়ানো হয়েছে আরও দুই বছর। শুধু পরিকল্পনার ও বাস্তবায়ন দক্ষতার অভাবেই ব্যয় ও সময় দুই-ই বেড়েছে।
তিন বছর মেয়াদি গোপালগঞ্জ জেলার ১৬টি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে গত জুন মাসে। ৩৮৮ কোটি টাকার এ প্রকল্পে মাত্র সাড়ে ১৬ কোটি টাকা খরচ করেই তা শেষ করে দেওয়া হয় অর্থের অভাবে। অথচ এ প্রকল্পেও তিন বছরে তিনজন প্রকল্প পরিচালক পরিবর্তন করা হয়েছে। কিন্তু পরিকল্পনা কমিশনকে প্রকল্প পরিচালক পরিবর্তনের খবর জানানো হয়নি।
প্রকল্প পরিচালক কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘন ঘন পরিবর্তনের ফলে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দেয়। এ কারণে প্রকল্প কর্মকর্তাদের মধ্যে দক্ষতা তৈরি হতে পারে না। প্রকল্পের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে শেষ করাও সম্ভব হয় না। এতে ব্যয় বাড়ে।
এভাবে বছরের পর বছর বিভিন্ন প্রকল্পের পরিচালক কিংবা গুরুত্বপূর্ণ কর্মকর্তা বদল হন। নিয়ম রয়েছে, তিন বছরের আগে কোনো প্রকল্প পরিচালককে বদলি করা যাবে না। তিন বছরের পর কোনো পরিচালক বদল করলেও পরিকল্পনা কমিশনকে অবহিত করতে হবে। এ নিয়মটি মানে না বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগগুলো। পরিকল্পনা মন্ত্রণালয়কে এ খবর জানানো হয় না। অথচ এ মন্ত্রণালয়ের মাধ্যমেই প্রকল্পটি অনুমোদন থেকে শুরু পরিদর্শন, এমনকি সমাপ্ত ঘোষণাও করতে হয়।
প্রকল্প তদারকের দায়িত্বে থাকা বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগের (আইএমইডি) একজন কর্মকর্তা জানান, প্রকল্প পরিচালক বদলের খবর জানানো হয় না। যখন প্রকল্প সংশোধন করে ব্যয় কিংবা মেয়াদ বৃদ্ধির প্রয়োজন হয়, তখনই আইএমইডি পরিচালক বদলির খবর জানতে পারে। এ ছাড়া আইএমইডির পর্যাপ্ত জনবলও নেই, যা দিয়ে নিয়মিত সব চলমান প্রকল্প পরিদর্শন করা যায়।
দাতারাও বিভিন্ন সময় প্রকল্প পরিচালক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ঘন ঘন বদলিতে আপত্তি করে আসছে। ২০১১ সালে প্রণীত যৌথ সহায়তা কৌশলের (জেসিএস) শর্ত অনুযায়ী, বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্পে পরিচালক বা গুরুত্বপূর্ণ কর্মকর্তা বদলি করতে হলে প্রকল্প কর্মকর্তা বদলিসংক্রান্ত কমিটির অনুমোদন নিতে হবে। তৎকালীন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সভাপতিত্বে ২০১২ সালে এ সংক্রান্ত কমিটি গঠন করা হয়। পরিকল্পনা কমিশনের পরিচালক বদলিসংক্রান্ত সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে দেখা গেছে, ২০১২ সালে তিনজন এবং ২০১৩ সালে একজনসহ মোট চারজন প্রকল্প পরিচালক বদলির ক্ষেত্রে এ কমিটির অনুমোদন নেওয়া হয়েছে। মাত্র দুটি বৈঠক করেছে ওই কমিটি। গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত স্থানীয় পরামর্শকগোষ্ঠীর (এলসিজি) নিয়মিত সভায় ঘন ঘন প্রকল্প পরিচালক বদলি করায় অসন্তোষ প্রকাশ করেন দাতা প্রতিনিধিরা। বাংলাদেশে কার্যরত দাতাদেশ ও সংস্থার প্রতিনিধি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সমন্বয়ে এই এলসিজি গঠিত হয়েছে।
তবে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া কোনো প্রকল্পের পরিচালক বদলের খবর পরিকল্পনা মন্ত্রণালয় কিংবা বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগকে (আইএমইডি) জানানো হয় না। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বছরে কমপক্ষে গড়ে অর্ধ শতাধিক প্রকল্প পরিচালক বদলি করা হয়, যা আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা কমিশনকে জানানো হয় না। এর ফলে তাদের মধ্যে কোনো পরিচালক তিন বছরের আগে বদলি হয়েছেন তাও জানা যায় না। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বদলির আদেশ দিয়ে থাকে।
এ ধরনের অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। গত ২০ আগস্ট পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অনুমোদন ছাড়া দেশি অর্থায়ন কিংবা বিদেশি সহায়তাপুষ্ট—দুই ধরনের প্রকল্পে তিন বছরের আগে কিংবা প্রকল্প শেষ হওয়ার আগে কোনো প্রকল্পের পরিচালক বা গুরুত্বপূর্ণ কর্মকর্তা বদলি করা যাবে না।
এ প্রসঙ্গে জানতেই চাইলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ঘন ঘন প্রকল্প পরিচালক বদলি হলে প্রকল্পের কাজ ক্ষতিগ্রস্ত হয়। নতুন পরিচালক এসে কাজ বুঝতে বুঝতেই অনেক সময় চলে যায়। তিনি জানান, অনুমোদন ছাড়া কোনো প্রকল্প পরিচালক বদল হলে তা মেনে নেওয়া হবে না।
পরিকল্পনা সচিব ভুইয়া সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রকল্প পরিচালক বদলির বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদের জানায় না। যেহেতু আনুষ্ঠানিকভাবে তারা আমাদের বদলির তথ্য জানায় না, তাই ধরে নিতেই হয় সবকিছু আইন অনুযায়ী চলছে। বাস্তবে কতখানি হচ্ছে, তা দেখার বিষয়।’
আইএমইডির এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প কর্মকর্তাদের অদক্ষতার কারণে প্রকল্পের সময় বাড়ে গড়ে তিন বছর। আর ব্যয় বাড়ে ৪২ শতাংশ। দাতাদের শর্ত পূরণ না করায় বছরের পর বছর প্রকল্প ঝুলে থাকে। অনেক সময় দুর্নীতির অভিযোগ এনে প্রকল্পের অর্থ ফিরিয়ে নিয়েছে দাতারা—এমন নজিরও আছে। যেমন পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে অর্থায়ন থেকে সরে এসেছে বিশ্বব্যাংক। আবার দুর্নীতির অভিযোগে রাস্তাঘাট নির্মাণের প্রকল্পে প্রায় এক দশক ধরেই অর্থায়ন করছে না বিশ্বব্যাংক।
উল্লেখ্য, চলতি অর্থবছরে এক হাজার ১৮৭টি প্রকল্প চলমান রয়েছে। এ ছাড়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাস হয়ে নতুন নতুন প্রকল্পও যুক্ত হচ্ছে এ তালিকার সঙ্গে। প্রত্যেক প্রকল্পেই একজন করে প্রকল্প পরিচালক থাকেন।