প্রকল্প পরিচালক হতে সাক্ষাৎকার দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে সরকারি প্রকল্পের পরিচালক হতে হলে সাক্ষাৎকার দিতে হবে। এ জন্য থাকতে হবে প্রকল্পের সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন ও পরিকল্পনা একাডেমির (এনএডিপি) ৩৩তম বোর্ড অব গভর্নরস সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য দেন।
সভায় মুস্তফা কামাল বলেন, ‘বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগসহ (আইএমডি) পরিকল্পনা কমিশনের প্রত্যেক কর্মকর্তাকে প্রকল্প তৈরি, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিষয়ে ধারাবাহিক প্রশিক্ষণ দিতে হবে। এসব কর্মকর্তার সক্ষমতা না বাড়ালে প্রকল্প তৈরি, মূল্যায়ন ও পরিবীক্ষণ ভালোভাবে হবে না। ফলে প্রকল্প বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি প্রকল্প পরিচালকদের সক্ষমতা বৃদ্ধির জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা নিতে এনএডিপিকে নির্দেশ দেন।
এনএডিপির বোর্ড অব গভর্নরসের সদস্য ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ বলেন, প্রকল্প পরিচালক নিয়োগের পর যদি দেখা যায় তাঁর দুর্বলতা আছে তখন প্রকল্প বিঘ্নিত হয়।
বেসরকারি খাত থেকে আউট সোর্সিংয়ের মাধ্যমে প্রকল্প পরিচালক নিয়োগের পরামর্শ দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. মেজবাহউদ্দিন।
অন্যদিকে অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, প্রকল্প পরিচালক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচিত পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করা। এনএডিপিরও উচিত প্রশিক্ষণ দিয়ে প্রকল্প পরিচালক তৈরি করা।
সভাটি সঞ্চালনা করেন এনএডিপির মহাপরিচালক কে এম মোজাম্মেল হক।