প্রকল্প বাস্তবায়নে সমস্যা হবে না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ঋণচুক্তির আওতায় গ্রহণ করা ২০ প্রকল্প বাস্তবায়নে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেছেন, প্রকল্পগুলোর মধ্যে দুটির ব্যাপারে এরই মধ্যে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। আর চুক্তির প্রক্রিয়ার মধ্যে রয়েছে আরও পাঁচটি।গতকাল মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় ১০০ কোটি ডলারের ঋণচুক্তির আওতায় গ্রহণ করা প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা জানান।বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এম মোশাররাফ হোসাইন ভুইঞা এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।ভারতীয় ঋণচুক্তির আওতায় সব প্রকল্প নিয়ে বৈঠকে আলোচনার বিষয়ে বলতে গিয়ে কিছুটা আশঙ্কার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘মনে হচ্ছে, দু-চারটি প্রকল্প নিয়ে সমস্যা হতে পারে। এগুলো নিয়ে ভারত পরে অভিমত জানাবে।’আবদুল মুহিত জানান, ১০০ কোটি ডলারের মধ্যে ২০ প্রকল্পে সম্ভাব্য মোট ব্যয় হবে ৯৬ কোটি ডলার। এতে অল্প কিছু অর্থ অবশিষ্ট থাকে। এ জন্য নতুন আর কোনো প্রকল্প নেওয়া হয়নি।ঋণ প্রকল্পের আওতায় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) জন্য ৩০০ বাস কেনার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বাসগুলো অন্য দেশ থেকেও আনা যেত। তবে এখন ভারত থেকেই আনা হবে।’ ইআরডি সচিব এম মোশাররাফ হোসাইন ভুইঞা বলেন, কিছু বিষয় নিয়ে পদ্ধতিগত সমস্যা ছিল। হয়তো তাঁরা আমাদের ভাষা বোঝেন না, অথবা আমরা বুঝি না তাঁদের ভাষা। তবে সমস্যা থাকবে না বলে তিনি আশাবাদী।